ভারতীয় র্যাপার বাদশাকে গুলি করে হত্যার হুমকি

নতুন গান ‘টাটিরি’ প্রকাশের পর সৃষ্ট আইনি জটিলতা কাটতে না কাটতেই এবার প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন ভারতীয় র্যাপার বাদশা। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে তাকে সরাসরি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমে বার্তা ছড়িয়ে পড়েছে। হরিয়ানার সংস্কৃতিকে অবমাননা করার অভিযোগ তুলে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারতের বিনোদন অঙ্গনে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
বিষ্ণোই গ্যাংয়ের নামে ছড়ানো বার্তায় বলা হয়েছে, র্যাপার বাদশা হরিয়ানার সংস্কৃতিকে অপমান করেছেন। ২০২৪ সালে তাকে একটি ‘ট্রেলার’ দেখানো হয়েছিল বলে উল্লেখ করে এবার সরাসরি কপালে গুলি করার হুমকিও দেওয়া হয়। এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মূলত ‘টাটিরি’ গানে হরিয়ানার নারীদের অবমাননা ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপনের অভিযোগেই বাদশাকে লক্ষ্যবস্তু করেছে এই গ্যাংস্টার গোষ্ঠী।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এই গানটি নিয়ে গত শনিবার বাদশাকে গ্রেপ্তারের দাবি তুলেছে হরিয়ানা নারী কমিশন। এমনকি হরিয়ানার মাটিতে তাকে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলেও আগে থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
এদিকে ভারতের শোবিজ অঙ্গনে বিষ্ণোই গ্যাংয়ের কর্মকাণ্ড নিয়ে আগে থেকেই এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। এর আগে বলিউড সুপারস্টার সালমান খান, অভিনেতা রণবীর সিং এবং নির্মাতা রোহিত শেঠিরসহ একাধিক তারকাকে লক্ষ্য করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই গোষ্ঠীর বিরুদ্ধে। এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে কানাডায় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনায়ও এই গ্যাংয়ের নাম উঠে এসেছে। একের পর এক তারকাকে হুমকির তালিকায় যুক্ত করায় বাদশার নিরাপত্তা নিয়ে এখন চরম উদ্বেগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
ব্যক্তিগত ও পেশাগত জীবনে বাদশা এখন বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। একদিকে হরিয়ানা নারী কমিশনের আইনি পদক্ষেপ এবং পুলিশি ঝামেলার কারণে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের সরাসরি খুনের হুমকি তাকে কার্যত কোণঠাসা করে ফেলেছে। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে যেকোনো সময় বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন তার ভক্ত ও সংশ্লিষ্টরা।








