Logo

এবার দক্ষিণের দুই তারকার সঙ্গে জুটি বাঁধছেন সালমান

profile picture
বিনোদন ডেস্ক
১৫ মার্চ, ২০২৬, ২০:২৬
এবার দক্ষিণের দুই তারকার সঙ্গে জুটি বাঁধছেন সালমান
সালমান খান, সামান্থা রুথ প্রভু ও নয়নতারা । ছবি : সংগৃহীত

বলিউডে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সুপারস্টার সালমান খান। একদিকে সীমান্ত উত্তেজনাকে ঘিরে নির্মিত বহুল আলোচিত সিনেমা, অন্যদিকে দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে নতুন জুটি—সব মিলিয়ে আবারও ব্যস্ত সময় পার করছেন এই তারকা। ভক্তরা যখন তার নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’ মুক্তির অপেক্ষায়, ঠিক তখনই জানা গেল আরও দুটি নতুন প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন তিনি। এসব সিনেমায় তার সঙ্গে দেখা যাবে দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারা ও সামান্থা রুথ প্রভু।

বিজ্ঞাপন

সূত্র অনুযায়ী, সালমান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’ আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। ছবিটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিংকে।সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

এই সিনেমার কাজ শেষ হলেই নতুন আরেকটি বড় প্রকল্পে হাত দেবেন সালমান। তেলেগু পরিচালক বংশী পাইদিপল্লি পরিচালিত এবং প্রযোজক দিল রাজুর প্রযোজনায় নির্মিতব্য ওই সিনেমায় মূল নায়িকা হিসেবে থাকছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। জানা যায়, এপ্রিলের মাঝামাঝি সময়েই এ প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এতেই শেষ নয়। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নতুন এক চ্যালেঞ্জ নিতে চলেছেন সালমান। জনপ্রিয় নির্মাতা জুটি রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকের সঙ্গে একটি সুপারহিরো ঘরানার সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অ্যাকশন ও বিনোদনে ভরপুর এই সিনেমাটি প্রযোজনা করবে মিথ্রি মুভি মেকার্স। সেখানে সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা সামান্থাকে।

এদিকে হাসপাতালে ভর্তি বাবা সেলিম খান এর শারীরিক অবস্থা এবং সাম্প্রতিক কয়েকটি সিনেমার বক্স অফিস ব্যর্থতা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন সালমান। তবে সামনে থাকা নতুন প্রকল্পগুলো তাকে নতুন করে আশাবাদী করে তুলেছে।

বিজ্ঞাপন

সামান্থাকে নিয়ে তৈরি হতে যাওয়া সুপারহিরো সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। রিল লাইফ এন্টারটেইনমেন্টের সহযোগিতায় নির্মিত এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের নভেম্বরে।

উল্লেখ্য, দক্ষিণ ভারতের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের সঙ্গে সালমান খানের কাজ করার ঘটনা খুব বেশি দেখা যায় না। এর আগে শাহরুখ খান এবং নয়নতারার জুটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এবার নয়নতারা ও সামান্থার সঙ্গে সালমান খানের নতুন জুটি দর্শকদের কাছে কতটা জনপ্রিয়তা পাবে, তা নিয়েই এখন বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD