অস্কারের মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান, করতালিতে সমর্থন

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আয়োজন একাডেমি অ্যাওয়ার্ডস-এর ৯৮তম আসরে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আলোচনায় আসেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। গত রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ডলবি থিয়েটার-এ অনুষ্ঠিত এই আয়োজনে পুরস্কার ঘোষণার মঞ্চ থেকেই তিনি ফিলিস্তিনের স্বাধীনতা ও যুদ্ধবিরোধী বার্তা তুলে ধরেন। সে সময় তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
বিজ্ঞাপন
সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের পুরস্কার দিতে মঞ্চে ওঠেন হাভিয়ের বারদেম ও প্রিয়াঙ্কা চোপড়া। অনুষ্ঠানের সেই মুহূর্তে বারদেমের পোশাকে ‘No to War’ বা ‘যুদ্ধ নয়’ লেখা একটি পিন দেখা যায়। পুরস্কার ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “সে নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন”—অর্থাৎ যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন।
তার এই বক্তব্যের পর উপস্থিত আমন্ত্রিত অতিথিরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান। পরে তারা নরওয়ের চলচ্চিত্র ‘সেন্টিমেন্টাল ভ্যালু’-কে এই বিভাগের বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মঞ্চে ওঠার আগেও রেড কার্পেটে দাঁড়িয়ে যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেতা। সেখানে প্যালেস্টাইনের সমর্থনে এবং যুদ্ধের বিরুদ্ধে বিশেষ প্যাচ লাগানো পোশাকে পোজ দেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক কোনান ও’ব্রায়েন তার উদ্বোধনী বক্তব্যে বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সিনেমা শুধু বিনোদন নয়, এটি বিশ্বজুড়ে শৈল্পিক ঐক্য এবং আশাবাদের প্রতীক। এবারের আসরে ৩১টি দেশের চলচ্চিত্র প্রতিনিধিত্ব করেছে।
৯৮তম অস্কারের এই আসরে সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকসহ গুরুত্বপূর্ণ শাখাগুলোতে এটি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এছাড়া রায়াইন কুগলারের ‘সিনার্স’ চারটি এবং গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ তিনটি বিভাগে অস্কার জয় করেছে।
বিজ্ঞাপন
অভিনয় বিভাগেও ছিল চমক। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি। এবারের অস্কার আয়োজনে চলচ্চিত্রের পাশাপাশি বৈশ্বিক রাজনৈতিক ও মানবিক ইস্যুও আলোচনায় উঠে আসে।








