একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

একুশে পদকে ভূষিত প্রখ্যাত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী।
বিজ্ঞাপন
১৯৪৭ সালে তৎকালীন অল ইন্ডিয়া রেডিও–এর ঢাকা কেন্দ্র থেকে প্রথম তার গান প্রচারিত হয়। এরপর পঞ্চাশ ও সত্তর দশকে রেডিও এবং চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। পল্লিগীতি ও আধুনিক গানে তার পারদর্শিতা ছিল অনন্য। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ লাভ করেন।
এ দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ সমর দাসের সুরে তার গাওয়া ‘মনের বনে দোলা লাগে’ গানটি আজীবন শ্রোতাদের হৃদয়ে গেঁথে থাকবে। এরপর জহির রায়হানের ‘কখনো আসেনি’ ছবিতে খান আতাউর রহমানের সুরে ‘নিরালা রাতের প্রথম প্রহরে’ কিংবা ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’ এমন সব গান তাকে কিংবদন্তির আসনে বসিয়েছে।
বিজ্ঞাপন
‘জাগো হুয়া সাভেরা’, ‘আসিয়া’, ‘এ দেশ তোমার আমার’, ‘সোনার কাজল’, ‘নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘সাত ভাই চম্পা’র মতো কালজয়ী চলচ্চিত্রে তিনি নেপথ্য কণ্ঠ দিয়েছেন।
ব্যক্তিজীবনে ১৯৫০ সালে আবুল হাসনাত–এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। পরে ১৯৫৮ সালে খান আতাউর রহমান–এর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে, যাদের মধ্যে কণ্ঠশিল্পী রুমানা ইসলাম অন্যতম।








