‘বিদ্বেষ ছড়াচ্ছে ধুরন্ধর টু’, কড়া সমালোচনায় আসাদউদ্দিন ওয়াইসি

বক্স অফিসে সাফল্য পেলেও ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’ সিনেমাকে ঘিরে বিতর্ক থামছে না। এবার ছবিটির তীব্র সমালোচনা করেছেন আসাদউদ্দিন ওয়াইসি। তিনি ছবিটিকে ‘অবান্তর’ উল্লেখ করে একে সরাসরি “তিন ঘণ্টার আবর্জনা” বলে মন্তব্য করেছেন।
বিজ্ঞাপন
সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন-এর এই নেতা বলেন, এমন সিনেমা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে এবং বিদ্বেষ উসকে দিচ্ছে। ছবিটি আদৌ দেখেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওটা কি সিনেমা? তিন ঘণ্টার আবর্জনা দেখার মতো সময় আমার নেই। সেখানে গালিগালাজ আর সহিংসতা ছাড়া আর কী আছে?”
ওয়াইসি আরও বলেন, এই ধরনের কনটেন্ট দর্শকদের সময় নষ্ট করা ছাড়া কোনো ইতিবাচক বার্তা দেয় না।
বিজ্ঞাপন
এর আগে থেকেই ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি নানা বিতর্কে জড়িয়েছে। প্রথম কিস্তি মুক্তির পর ‘পাকিস্তানবিরোধী’ বিষয়বস্তুর অভিযোগে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ছবিটি নিষিদ্ধ করা হয়। চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পাওয়া দ্বিতীয় কিস্তি ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ-কেও ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
বিশেষ করে একটি পোস্টারে রণবীর সিং-কে পাগড়ি ও কড়া পরে সিগারেট হাতে দেখা যাওয়ায় শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিখ অব মহারাষ্ট্র নামের একটি সংগঠন নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
অবশ্য সমালোচনার জবাবে ছবির প্রযোজক আদিত্য ধর বলেন, শিখ সম্প্রদায়ের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে এবং চলচ্চিত্রে বিষয়গুলো সংবেদনশীলতার সঙ্গে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, বিতর্কিত কিছু কনটেন্ট বিকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ছবিতে রণবীর সিং অভিনয় করেছেন জসকিরত সিং রাঙ্গি নামের এক শিখ গুপ্তচরের চরিত্রে, যিনি ব্যক্তিগত প্রতিশোধের পথ পেরিয়ে একসময় পাকিস্তানে গোপন মিশনে যান।
সব মিলিয়ে, বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ‘ধুরন্ধর টু’ ঘিরে সমালোচনা ও বিতর্ক যেন আরও জোরালো হয়ে উঠছে।








