‘আমি এখন বাঘিনী’ বড় পরিবর্তনের কথা জানালেন কিয়ারা

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি জানিয়েছেন, মা হওয়ার পর তার চিন্তাভাবনা ও ব্যক্তিত্বে এসেছে বড় ধরনের পরিবর্তন। কন্নড় সুপারস্টার যশ-এর সঙ্গে অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস মুক্তির আগে নিজের এই অনুভূতির কথা প্রকাশ্যে তুলে ধরেছেন তিনি। এতদিন পর্দায় তাকে কোমল ও মিষ্টি চরিত্রে বেশি দেখা গেলেও, কিয়ারা বলছেন—মাতৃত্ব তাকে অনেক বেশি দৃঢ়, সাহসী ও লক্ষ্যনিষ্ঠ করে তুলেছে।
বিজ্ঞাপন
নতুন বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘টক্সিক’ ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই ছবিতে যশের বিপরীতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন কিয়ারা। গত বছরের জুলাই মাসে সন্তান জন্ম দেওয়ার পর এটিই তার প্রথম বড় প্রজেক্ট, যা নিয়ে ভক্তদের প্রত্যাশাও বেশ বেশি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে কিয়ারা বলেন, মা হওয়ার পর তিনি যেন নিজেকে এক নতুন রূপে আবিষ্কার করেছেন। তার ভাষায়, “মনে হয় আমি যেন এখন বাঘিনী হয়ে গেছি। কখনও মনে হয় পৃথিবীর কিছুই তেমন গুরুত্বপূর্ণ নয়, আবার কখনও সবকিছুই ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয়।”
বিজ্ঞাপন
সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার একটি পোস্টার প্রকাশ পেয়েছে যেখানে অভিনেতা যশের সঙ্গে কিয়ারাকে দেখা গেছে। পোস্টারে যশের হাতে চুরুট থাকা নিয়ে সামাজিক মাধ্যমে কিছুটা বিতর্ক তৈরি হলেও সংশ্লিষ্টরা তা নিয়ে খুব একটা বিচলিত নন।
সিনেমার পরিচালক গীতু মোহনদাস জানান, চিত্রনাট্যের ‘নাদিয়া’ চরিত্রের জন্য শুরু থেকেই তার প্রথম পছন্দ ছিলেন কিয়ারা। পরিচালকের মতে, কিয়ারার অভিনয়ের মধ্যে এক ধরনের মানবিক গভীরতা রয়েছে যা দর্শকদের স্পর্শ করবে।
বিজ্ঞাপন








