Logo

সিনেমার আইটেম গান থেকে বিরতির ঘোষণা প্রীতম হাসানের

profile picture
বিনোদন প্রতিবেদক
২৯ মার্চ, ২০২৬, ১৮:০৩
সিনেমার আইটেম গান থেকে বিরতির ঘোষণা প্রীতম হাসানের
ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী প্রীতম হাসান শুরুতে নিজের সলো প্রজেক্ট ‘জাদুকর’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’ ও ‘খোকা’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ধীরে ধীরে তিনি সংগীতের পরিসর বাড়ান এবং গত কয়েক বছর ধরে সিনেমায় প্লেব্যাক গেয়ে বিশেষ পরিচিতি পান। বিশেষ করে আইটেম গানগুলোতে তার কণ্ঠ নিয়মিত শোনা গেলেও এবার সেই ধারা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রীতম জানান, আপাতত সিনেমার হাইপ তৈরি করা ড্যান্স ট্র্যাক থেকে দূরে থাকতে চান তিনি। তার মতে, নতুন ধরনের বৈচিত্র্যময় কাজের সুযোগ না থাকলে এই ঘরানায় আর ফিরতে চান না।

প্রীতম হাসান জানান, তিনি তার আগের ঘরানার কাজগুলোতে ফিরে যেতে চান। বলেছেন, আপাতত ‘শরতের শেষ থেকে’, ‘মরে যাক’, ‘খোকা’-এর মতো গানে ফিরে যেতে চাই। যেখানে একটু হাইপ কম, কিন্তু আত্মার শান্তি বেশি।

বিজ্ঞাপন

তবে সিনেমায় তার করা কাজগুলোর জন্য দর্শক ও সমালোচকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন প্রীতম। তিনি বলেন, যারা তার কাজকে সমর্থন করেছেন কিংবা সমালোচনা করেছেন—সবাইকে তিনি ধন্যবাদ জানান।

উল্লেখ্য, চলতি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর আইটেম গানেও প্রীতমের কণ্ঠ শোনা গেছে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার ‘জ্বালা জ্বালা’ শিরোনামের একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন তিনি, যেখানে তার সঙ্গে ছিলেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। এই কাজটির পরই আইটেম গান থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা সামনে আসে।

বিজ্ঞাপন

সংগীতের পাশাপাশি বর্তমানে অভিনয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন প্রীতম হাসান। এবারের ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘ক্যাকটাস’। শিহাব শাহীনের পরিচালনায় এই সিরিজে একজন হ্যাকারের চরিত্রে মেহজাবীন চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD