একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

বরেণ্য নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার (১ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই গুণী শিল্পী।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৭ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে ওঠা সম্ভব হয়নি। অবশেষে বুধবার তিনি না ফেরার দেশে পাড়ি জমান, রেখে গেলেন সংগীতপ্রেমীদের অশ্রুসিক্ত স্মৃতি।
গণমাধ্যমকে ডালিয়া নওশীনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার খালাতো বোন ও খ্যাতিমান নজরুলসংগীত শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। তিনি জানান, আজ বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। ব্যক্তিগত জীবনে ডালিয়া নওশীন দুই সন্তানের জননী। তাদের একজন বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং অন্যজন স্পেনে বসবাস করছেন।
বাংলাদেশের সংগীতাঙ্গনে ডালিয়া নওশীন এক অবিস্মরণীয় নাম। বিশেষ করে নজরুলসংগীতের চর্চা ও পরিবেশনায় তিনি নিজস্ব স্বকীয়তা গড়ে তুলেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা হিসেবে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাকে এনে দিয়েছে অনন্য সম্মান।
বিজ্ঞাপন
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত করে। তার কণ্ঠ, সুর ও পরিবেশনা বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছে দীর্ঘদিন ধরে
উল্লেখ্য, ডালিয়া নওশীন প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের কন্যা। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও সংগীত অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক প্রকাশ করেছেন।








