Logo

‘ঘরভাঙানি’ বলা হতো শ্রীদেবীকে, মায়ের সংগ্রাম নিয়ে মুখ খুললেন জাহ্নবী

profile picture
বিনোদন ডেস্ক
৭ এপ্রিল, ২০২৬, ১৬:৪০
‘ঘরভাঙানি’ বলা হতো শ্রীদেবীকে, মায়ের সংগ্রাম নিয়ে মুখ খুললেন জাহ্নবী
ছবি: সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীকে একসময় ‘ঘরভাঙানি’ তকমা দিয়ে নানা সমালোচনা ও কটূক্তি করা হতো। মায়ের জীবনের সেই কঠিন সময় এবং মানুষের নিষ্ঠুর আচরণের কথা সম্প্রতি মুখ খুলেছেন বড় মেয়ে জাহ্নবী কাপুর। তিনি জানান, বাইরের সমালোচনায় মা যতই কষ্ট পান না কেন, সন্তানদের সামনে কখনো তা প্রকাশ করতেন না।

বিজ্ঞাপন

রাজ শামানির ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর বলেন, ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের কয়েক মাস আগে তিনি মাকে হারান। গত ৮ বছর ধরে সেই শোক বয়ে চলছেন এই অভিনেত্রী।

জাহ্নবীর মতে, তার মা যখন বেঁচে ছিলেন, তখন মানুষ তার প্রতি খুব একটা দয়ালু ছিল না। তাকে নিয়ে ‘ঘরভাঙানি’ এর মতো অনেক নেতিবাচক মন্তব্য ও কটু কথা প্রচার করা হতো, যা শ্রীদেবীর মনে গভীর দাগ ফেলেছিল। জাহ্নবী জানান, তবে তিনি মারা যাওয়ার পর লোকেরা খানিকটা নমনীয় হয়।

বিজ্ঞাপন

মায়ের উদ্দেশে যদি একটি কথা বলার সুযোগ পান, তাহলে কী বলতেন— এমন প্রশ্নের জবাবে জাহ্নবী বলেন, “আমি এখন তাকে অনেক বেশি বুঝতে পারছি। আগে কেন বুঝতে পারিনি, সেজন্য আমি খুব দুঃখিত। মা বিষয়গুলোকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে সামলেছেন— তা পেশাদার জীবন হোক বা আর্থিক বিষয়। ছোটবেলায় আমি সেটা বুঝিনি। তিনি চার বছর বয়স থেকে কাজ শুরু করেছিলেন, কিন্তু নিজের লড়াই, কষ্ট বা খারাপ সময়ের কথা কখনো আমাদের বলেননি। শুধু আনন্দের গল্পই শোনাতেন।

কেন শ্রীদেবীকে ‘ঘরভাঙানি’ বলা হতো?

বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর বিয়ের বিষয়টি তৎকালীন সময়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। সত্তর দশকের শেষের দিকে একটি তামিল সিনেমায় শ্রীদেবীকে প্রথম দেখেন বনি। তখন বনি বিবাহিত ছিলেন, তার স্ত্রীর নাম ছিল মোনা কাপুর। তাদের ঘরে দুই সন্তানও ছিল।

বিজ্ঞাপন

মোনার সঙ্গে সংসার চলাকালীনই শ্রীদেবীর সঙ্গে বনির সম্পর্কের বিষয়টি জানাজানি হলে শুরু হয় সমালোচনা। বনি কাপুর তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিয়ে করায় অনেকেই এই ভাঙনের জন্য অভিনেত্রীকে দায়ী করেন।

এদিকে, ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে বনি কাপুর জানিয়েছিলেন, শুরুতে তার ভালোবাসার প্রস্তাব শুনে শ্রীদেবী ক্ষুব্ধ হয়ে প্রায় আট মাস কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার সময় শ্রীদেবীকে নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন বনি কাপুর। এরপর ১৯৯৫ সালে শ্রীদেবীর মা অসুস্থ হয়ে পড়লে বনি তার পাশে দাঁড়ান, যা তাদের সম্পর্ককে মজবুত করে। পরে ১৯৯৬ সালের জুনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং জাহ্নবীর জন্মের সময় বিষয়টি প্রকাশ্যে আনেন। শ্রীদেবী ও বনি কাপুরের সংসারে জাহ্নবী ও খুশি নামে দুই কন্যা রয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর মায়ের অভাব এখনও অনুভব করেন। মায়ের জীবনের সংগ্রাম ও সমালোচনার কথা স্মরণ করে তিনি আক্ষেপ করে বলেন, মা কখনো নিজের কষ্ট তাদের সামনে প্রকাশ করেননি, শুধু হাসিমুখে আনন্দের গল্পই শুনিয়েছেন।

জাহ্নবীর এই সাক্ষাৎকার শ্রীদেবীর ব্যক্তিগত জীবনের সংগ্রাম ও মাতৃত্বের এক অন্য রূপ তুলে ধরেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD