Logo

কী ঘটেছিল শাহরুখের সঙ্গে? এতদিন পর জানালেন রাজপাল

profile picture
বিনোদন ডেস্ক
১৫ এপ্রিল, ২০২৬, ১৭:০৭
কী ঘটেছিল শাহরুখের সঙ্গে? এতদিন পর জানালেন রাজপাল
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব বর্তমানে বেশ কঠিন সময় পার করছেন। প্রায় ৯ কোটি টাকার ঋণের বোঝা কাঁধে নিয়ে তিনি জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এই দুর্দিনেও অভিনয় থেকে পিছিয়ে নেই তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজপাল নিজের ক্যারিয়ারের এক বড় আক্ষেপের কথা খুলে বলেছেন। শাহরুখ খানের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির কারণে কীভাবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে গিয়েছিল, সেই অজানা ঘটনা এবার প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

রাজপাল যাদব জানান, শাহরুখ অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ওম শান্তি ওম-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা ছিল তার। কিন্তু একটি অপ্রত্যাশিত বিভ্রান্তির কারণে শেষ পর্যন্ত সেই সুযোগ আর পাননি। তার ভাষ্য অনুযায়ী, বিষয়টির পেছনে ছিলেন তারই এক ঘনিষ্ঠ সহকারী। ওই সহকারীর মাধ্যমে শাহরুখের টিমের কাছে ভুল বার্তা পৌঁছায়, যা সে সময় তিনি নিজেই জানতেন না।

এই একটি ভুল বোঝাবুঝির প্রভাব পড়ে তার পরবর্তী কাজের ক্ষেত্রেও। ‘ওম শান্তি ওম’ থেকে বাদ পড়ার পর আরেকটি বড় প্রজেক্ট বিল্লু বারবার-এ কাজ করার সুযোগও হারান তিনি। অথচ ছবিটির একটি বিশেষ চরিত্রে তাকে নেওয়ার প্রাথমিক পরিকল্পনা ছিল। পরবর্তীতে সেই চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেতা ইরফান খান।

বিজ্ঞাপন

রাজপাল আরও জানান, অভিনেত্রী জুহি চাওলা-র ভাই তাকে শাহরুখ খানের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিয়েছিলেন। কারণ, শাহরুখ ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করতেন। ‘কাল হো না হো’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় শাহরুখ নিজেই বলেছিলেন, ভবিষ্যতে বড় কোনো প্রজেক্টে একসঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে।

তবে সেই সুযোগ আর বাস্তবে রূপ নেয়নি। ভুল বোঝাবুঝির দেয়াল আর ভাঙা হয়নি। যদিও পেশাগত জীবনে এর প্রভাব পড়লেও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কোনো দূরত্ব তৈরি হয়নি বলে জানান রাজপাল। তার কথায়, পরবর্তীতে যখনই শাহরুখের সঙ্গে দেখা হয়েছে, তারা আগের মতোই আন্তরিকভাবে কথা বলেছেন এবং সম্পর্ক অটুট রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD