Logo

আবার একসঙ্গে আহান-অনীত, নতুন ছবিতে ফিরছে জনপ্রিয় জুটি

profile picture
বিনোদন ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৬, ১৩:১৫
আবার একসঙ্গে আহান-অনীত, নতুন ছবিতে ফিরছে জনপ্রিয় জুটি
ছবি: সংগৃহীত

রূপালি পর্দায় আলোড়ন তোলা ‘সাইয়ারা’ ছবির পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন আহান পান্ডে ও অনীত পাড্ডা। পরিচালক মোহিত সুরি-র নতুন ছবির মাধ্যমে জনপ্রিয় এই জুটিকে আবার বড় পর্দায় দেখা যাবে।

বিজ্ঞাপন

যশ রাজ ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই রোমান্টিক ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে ঘোষণার পর থেকেই বলিউডে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ‘সাইয়ারা’র সাফল্যের পর প্রযোজনা সংস্থাটি এই জুটির ওপর আবারও বড় বাজি ধরছে।

নতুন প্রকল্প নিয়ে মোহিত সুরি বলেন, প্রেমের গল্পই তার কাজের মূল অনুপ্রেরণা। তিনি মনে করেন, ভালোবাসার গল্প গভীর ও হৃদয়স্পর্শী হওয়া উচিত। তার ভাষায়, নতুন এই ছবিতে তারা আগের চেয়েও নতুন উদ্যম ও সৃজনশীলতা নিয়ে কাজ করছেন। নিজেকে নতুনভাবে প্রমাণ করার উত্তেজনা ও চাপ—দুটোই কাজ করছে তার মধ্যে।

বিজ্ঞাপন

প্রযোজনা সংস্থার প্রধান অক্ষয় বিধানি জানান, মোহিত সুরির সঙ্গে কাজ করা মানে শুধু একটি চলচ্চিত্র নির্মাণ নয়, বরং একটি অনুভূতি তৈরি করা। ‘সাইয়ারা’ ছিল তেমনই একটি অভিজ্ঞতা, আর নতুন ছবিতেও তারা সেই আবেগ আরও গভীরভাবে তুলে ধরতে চান। আহান ও অনীতকে আবার একসঙ্গে পাওয়ায় তারা বেশ উচ্ছ্বসিত বলেও জানান তিনি।

এদিকে, এই জুটির হাতে আরও কয়েকটি বড় প্রজেক্ট রয়েছে। আহান পান্ডে ইতোমধ্যে আলী আব্বাস জাফর-এর একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অন্যদিকে অনীত পাড্ডাকে দেখা যাবে ‘শক্তি শালিনী’ নামের একটি হরর-কমেডি ছবিতে, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন নানা পাটেকর, বিশাল জেঠওয়া ও বিনীত কুমার সিং।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD