Logo

ক্ষতিপূরণের দাবিতে ধাক্কা, তামান্না ভাটিয়ার আবেদন খারিজ

profile picture
বিনোদন ডেস্ক
১৭ এপ্রিল, ২০২৬, ১৯:১৫
ক্ষতিপূরণের দাবিতে ধাক্কা, তামান্না ভাটিয়ার আবেদন খারিজ
ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় মুখ তামান্না ভাটিয়া বর্তমানে তার ক্যারিয়ারের শীর্ষ সময় পার করছেন। জনপ্রিয়তার পাশাপাশি বেড়েছে তার ব্র্যান্ড ভ্যালুও। তবে সম্প্রতি একটি সাবান প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে আইনি জটিলতায় জড়িয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তার ছবি ব্যবহারের অভিযোগ তুলে তিনি ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেও সেই আবেদন খারিজ করে দিয়েছে মাদ্রাজ উচ্চ আদালত।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ২০০৮ সালের ৭ অক্টোবর একটি সাবান প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন তামান্না। ওই চুক্তির আওতায় ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত পণ্যের মোড়কে তার ছবি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় পার হওয়ার পরও প্রতিষ্ঠানটি তার সম্মতি ছাড়া বিজ্ঞাপন ও পণ্যের প্রচারে ছবি ব্যবহার করে আসছিল—এমন অভিযোগ তোলেন অভিনেত্রী।

তামান্নার দাবি, অনুমতি ছাড়া তার ছবি ব্যবহারের ফলে তার পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনাকে ‘বেআইনি’ উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আদালতের শরণাপন্ন হন। উল্লেখ্য, এর আগে ওই প্রতিষ্ঠানের সঙ্গে তার প্রায় ৬.২ কোটি টাকার একটি বড় অঙ্কের চুক্তিও ছিল।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, বিজ্ঞাপনটি নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ায় একপর্যায়ে প্রতিষ্ঠানটি তামান্নার প্রচার কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। এরপরই বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ায় যান অভিনেত্রী।

তবে আদালত তার দাবি খতিয়ে দেখে জানায়, ক্ষতিপূরণের পক্ষে উপস্থাপিত নথি ও যুক্তিগুলো যথেষ্ট শক্তিশালী বা গ্রহণযোগ্য নয়। বিচারপতির পর্যবেক্ষণে বলা হয়, দাবির পক্ষে প্রয়োজনীয় প্রমাণের ঘাটতি রয়েছে। ফলে ১ কোটি টাকা ক্ষতিপূরণের আবেদন সরাসরি খারিজ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আদালতের এই সিদ্ধান্ত তামান্না ভাটিয়ার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD