Logo

দেশের গণ্ডি পেরিয়ে ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্সের আপডেট ভার্সন

profile picture
বিনোদন প্রতিবেদক
১৭ এপ্রিল, ২০২৬, ১৯:৪২
দেশের গণ্ডি পেরিয়ে ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্সের আপডেট ভার্সন
ছবি: সংগৃহীত

দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপের দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত ঈদের আলোচিত সিনেমা ‘প্রিন্স’। আগামী শনিবার (১৮ এপ্রিল) ও সোমবার (২০ এপ্রিল) ইতালির ভেনিস ও রোম শহরের দুটি সিনেমা হলে ছবিটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ইতালিতে ‘প্রিন্স’ সিনেমার একটি আপডেট সংস্করণ প্রদর্শিত হবে। আন্তর্জাতিক দর্শকদের জন্য সিনেমাটিকে আরও মানসম্মতভাবে উপস্থাপন করতে প্রযুক্তিগত কিছু পরিবর্তন আনা হয়েছে।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, দেশে মুক্তির সময় দর্শকদের কাছ থেকে সাউন্ড, কালার গ্রেডিং এবং ভিএফএক্স সংক্রান্ত কিছু অভিযোগ পাওয়া গিয়েছিল। সেসব বিষয় মাথায় রেখে সিনেমাটির ডিজিটাল ফাইল নতুন করে সম্পাদনা ও উন্নয়ন করা হয়েছে। ফলে আপডেট সংস্করণে দর্শকরা আরও নিখুঁত ও ঝরঝরে অভিজ্ঞতা পাবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আবু হায়াত মাহমুদ পরিচালিত এই অ্যাকশনধর্মী সিনেমাটি নির্মিত হয়েছে নব্বই দশকের ঢাকার অপরাধ জগতকে কেন্দ্র করে। এতে প্রধান চরিত্রে শাকিব খানকে দেখা গেছে এক প্রভাবশালী গ্যাংস্টারের ভূমিকায়, যা দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। পাশাপাশি রয়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু ও ইন্তেখাব দিনারসহ আরও অনেকেই।

বিজ্ঞাপন

ইতালিতে ‘প্রিন্স’ এর প্রদর্শনীর মধ্য দিয়ে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্রগুলো আন্তর্জাতিক বাজারে প্রবেশের ধারাবাহিকতা আরও জোরদার হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD