Logo

উত্তর আমেরিকার বক্স অফিসে ‘বনলতা এক্সপ্রেস’-এর নতুন রেকর্ড

profile picture
বিনোদন প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ১৩:০৯
উত্তর আমেরিকার বক্স অফিসে ‘বনলতা এক্সপ্রেস’-এর নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র ও কানাডা) বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা বনলতা এক্সপ্রেস। মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই এটি ভেঙে দিয়েছে এ অঞ্চলে সর্বোচ্চ আয়ের পূর্ববর্তী রেকর্ড।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এবং বক্স অফিস ট্র্যাকার কমস্কোর শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। তাদের তথ্যমতে, সিনেমাটি মাত্র দুই সপ্তাহেই ৩ লাখ ৬১ হাজার মার্কিন ডলার আয় করে রেকর্ড গড়েছে।

এর আগে উত্তর আমেরিকার বাজারে সর্বোচ্চ আয় করা বাংলা সিনেমা ছিল হাওয়া, যার লাইফটাইম গ্রস ছিল ৩ লাখ ৫৮ হাজার ডলার। সেই রেকর্ড এখন পেছনে ফেলেছে ‘বনলতা এক্সপ্রেস’।

বিজ্ঞাপন

বর্তমানে ৫৪টি থিয়েটারে প্রদর্শিত হওয়া সিনেমাটি উত্তর আমেরিকার বাংলা সিনেমার বাজারে শীর্ষস্থান দখল করে আছে।

সিনেমাটির এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। অভিনয়শিল্পীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন।

পরিচালক তানিম নূর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও এগিয়ে নিল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তানিম নূর পরিচালিত ও বুড়িগঙ্গা টকিজ প্রযোজিত সিনেমাটি বর্তমানে উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যে প্রদর্শিত হচ্ছে। ইতোমধ্যে এটি তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে।

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও শরীফুল রাজসহ আরও অনেকে। সিনেমাটির সহ-প্রযোজনায় রয়েছে হইচই প্রোডাকশন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD