Logo

কুষ্টিয়ার মিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, অস্ত্রসহ আটক ২১

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৮ এপ্রিল, ২০২৬, ১২:২৭
কুষ্টিয়ার মিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, অস্ত্রসহ আটক ২১
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত তিনজন গুরুতর আহত হন।

এ ঘটনার পর মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। তবে শুক্রবার সকালে আবারও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মিরপুর থানা পুলিশের একটি দল বুরাপাড়া গ্রামে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ২১ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে রামদা, হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। তাদের দাবি, পূর্বে অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তি বর্তমানে ভিন্ন পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, যার ফলে সংঘর্ষ ও উত্তেজনা বাড়ছে।

বিজ্ঞাপন

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, “বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে বুরাপাড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিনের অস্থিরতা থেকে মুক্তি চান। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে এলাকায় স্থায়ী শান্তি ফিরে আসে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD