এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে পারেন শাহরুখ!

বলিউডে নতুন করে জোর গুঞ্জন উঠেছে—খ্যাতিমান নির্মাতা সঞ্জয় লীলা বানশালি তার পরবর্তী সিনেমায় শাহরুখ খান-এর বিপরীতে আলিয়া ভাট-কে নেওয়ার পরিকল্পনা করছেন। যদিও এর আগে এই প্রজেক্টে সালমান খান-কে নিয়ে ভাবা হয়েছিল, তবে সেই পরিকল্পনা আর এগোয়নি বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, বানশালির আটকে থাকা একটি সিনেমার কাজ নতুন করে শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই সিনেমাতেই শাহরুখ-আলিয়ার সম্ভাব্য জুটি নিয়ে এখন আলোচনা চলছে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবুও ইন্ডাস্ট্রিতে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বানশালির সঙ্গে শাহরুখ খানের কাজের ইতিহাস বেশ পুরনো। ২০০২ সালে ‘দেবদাস’ সিনেমায় তারা দর্শকদের মুগ্ধ করেছিলেন। এরপর দীর্ঘ ২৪ বছর পার হলেও বানশালির ফ্রেমে আর দেখা মেলেনি বাদশার।
বিজ্ঞাপন
অন্যদিকে, বানশালির প্রিয় পাত্রী হিসেবে পরিচিত আলিয়া ভাট আগে শাহরুখের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় কাজ করলেও সেখানে তাদের সম্পর্ক ছিল মেন্টর ও শিক্ষার্থীর। তবে ‘ইনশাআল্লাহ’ সিনেমায় তাদের প্রথমবারের মতো পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে বলে জানা গেছে।
এদিকে সাম্প্রতিক বছরগুলোতে অ্যাকশনধর্মী সিনেমায় বেশি দেখা গেছে শাহরুখকে। ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর মতো চলচ্চিত্রে কাজ করার সময় কয়েকবার আঘাত পাওয়ার কথাও জানা গেছে। সেই বিবেচনায় কিছুটা স্বস্তিদায়ক কাজ হিসেবে রোম্যান্টিক ঘরানার সিনেমায় ফেরার কথা ভাবছেন- এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুনের মধ্যেই এই সিনেমা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এতে করে বহুদিন পর নতুন এক জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।








