‘হাওয়া’কে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’

উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই ছবিটি অতিক্রম করেছে আলোচিত সিনেমা ‘হাওয়া’র দীর্ঘদিনের আয় রেকর্ড, যা দেশীয় চলচ্চিত্রের জন্য এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো এবং বক্স অফিস বিশ্লেষণ সংস্থা কমস্কোরের তথ্য অনুযায়ী, ‘হাওয়া’ সিনেমাটি উত্তর আমেরিকায় মুক্তির পর মোট ৩ লাখ ৫৮ হাজার ডলার আয় করেছিল। বিপরীতে ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির প্রথম দুই সপ্তাহেই আয় করেছে ৩ লাখ ৬১ হাজার ডলার, যা ইতোমধ্যে নতুন মাইলফলক গড়ে দিয়েছে।
সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব আশাবাদ ব্যক্ত করে বলেন, এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমা ৪ লাখ ডলারের ঘরে প্রবেশ করতে পারে।
বিজ্ঞাপন
পরিচালক তানিম নূর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই অর্জন আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে বলে তিনি মনে করেন। পুরো টিমের জন্য এটি গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
গত শুক্রবার থেকে উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যের ২২টি প্রেক্ষাগৃহে ছবিটি তৃতীয় সপ্তাহে প্রদর্শিত হচ্ছে। মুক্তির পর থেকেই প্রবাসী দর্শকদের মধ্যে ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে।
তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। এতে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবন্য চৌধুরীসহ আরও অনেকে।
বিজ্ঞাপন
‘বনলতা এক্সপ্রেস’ প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় রয়েছে হইচই প্রডাকশন এবং নিবেদক হিসেবে রয়েছে ইউসিবি। আন্তর্জাতিকভাবে ছবিটি পরিবেশন করছে স্বপ্ন স্কেয়ারক্রো, আর যুক্তরাজ্যে সহযোগী পরিবেশক হিসেবে কাজ করছে রেভেরলি ফিল্মস।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, এই সাফল্য শুধু একটি সিনেমার অর্জন নয়; বরং এটি বিশ্ববাজারে বাংলা চলচ্চিত্রের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতারই প্রতিফলন।








