দুর্নীতি মামলায় বিপাকে টলিউড অভিনেত্রী নুসরাত জাহান

টলিউড অভিনেত্রী নুসরাত জাহান এবার নতুন আইনি জটিলতায় পড়েছেন। ব্যক্তিগত জীবন নয়, এবার রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলবে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে।
বিজ্ঞাপন
আগামী ২২ এপ্রিল তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশে গম পাঠানো সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবেই এই তলব করা হয়েছে। অভিযোগ ওঠার সময় নুসরাত বসিরহাটের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তবে তিনি কলকাতার পরিবর্তে দিল্লিতে হাজির হওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন বলে জানা গেছে। নুসরাত জাহান দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেসের হয়ে বসিরহাট আসনের সংসদ সদস্য ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক সক্রিয়তা অনেকটাই কমে গেছে।
বিজ্ঞাপন
রাজনৈতিক জীবনে ওঠানামার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নানা আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন। তাদের প্রযোজনায় ইতিমধ্যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে।
অন্যদিকে, রাজনীতিতেও পরিবর্তন এসেছে। গত লোকসভা নির্বাচনে তাকে আর প্রার্থী করেনি শাসক দল। তবে দলীয় বিভিন্ন কর্মসূচিতে মাঝে মাঝে তাকে দেখা যায়।
বিজ্ঞাপন
সম্প্রতি তাদের দাম্পত্য জীবন নিয়েও বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও সেই সব আলোচনা উপেক্ষা করে তারা একসঙ্গে বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন।








