Logo

মুক্তির আগেই বাজিমাত, ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

profile picture
বিনোদন ডেস্ক
২১ এপ্রিল, ২০২৬, ১৬:০৮
মুক্তির আগেই বাজিমাত, ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি
ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা মানেই দর্শকদের বাড়তি উন্মাদনা আর নতুন প্রত্যাশা। ‘জওয়ান’-এর দারুণ সাফল্যের পর থেকেই ভক্তরা তার পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। বড় পর্দায় আবারও অ্যাকশন হিরো অবতারে শাহরুখের ম্যাজিক দেখার জন্য যখন ভক্তদের উত্তজনা তুঙ্গে, ঠিক তখনই সিনেমাটি নিয়ে এলো এক বিশাল সুখবর।

বিজ্ঞাপন

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সিনেমাটি ২৫০ কোটি টাকার বিশাল অঙ্ক আয় করে ফেলেছে। ‘কিং’ সিনেমার সর্বভারতীয় থিয়েট্রিক্যাল রাইটস বা প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব রেকর্ড ২৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে। পেন মারুধার নামের একটি প্রতিষ্ঠান এই স্বত্ব কিনে নিয়েছে। শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে এই বড় চুক্তি সম্পন্ন হয়েছে।

চলতি সময়ের হিসাবে ২০২৬ সালের অন্যতম বড় ব্যবসায়িক চুক্তি হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে। শুধু ব্যবসায়িক দিক থেকেই নয়, ব্যক্তিগত কারণেও ‘কিং’ সিনেমাটি শাহরুখ খানের কাছে বেশ গুরুত্বপূর্ণ। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের। যদিও এর আগে ২০২৩ সালে জয়া আখতারের পরিচালনায় নির্মিত ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা ‘দ্য আর্চিস’-এ অভিনয় করেছেন তিনি, তবে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য এটি তার প্রথম চলচ্চিত্র।

বিজ্ঞাপন

বাবা-মেয়ের এই রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। সিনেমাটি ঘিরে প্রত্যাশার পারদ যে কতটা ওপরে, তা বোঝা যায় এর টিজার ও ঝলক দেখলেই। মাত্র পাঁচ মাস আগে মুক্তি পাওয়া সিনেমাটির প্রথম ঝলক ইউটিউবে ৪৪ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। এমনকি দু’মাস আগে সিনেমার মুক্তির তারিখ সম্বলিত টিজারটিও দর্শক দেখেছে ৩০ মিলিয়নের বেশিবার।

৪০০ কোটি টাকা বাজেটের এই বিগ বাজেট সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’। মুক্তির আগেই ২৫০ কোটি টাকার এই সাফল্য ইঙ্গিত দিচ্ছে, আগামীতে বক্স অফিসে আবারও বড় ধরনের ঝড় তুলতে পারেন শাহরুখ খান।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD