Logo

ছুরি দেখিয়ে অভিনেত্রীর অটোগ্রাফ নিয়েছিল ডাকাত সর্দার

profile picture
বিনোদন ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৬, ১৬:৩৮
ছুরি দেখিয়ে অভিনেত্রীর অটোগ্রাফ নিয়েছিল ডাকাত সর্দার
ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারী, যিনি ‘ট্র্যাজেডি কুইন’ নামে পরিচিত, তার জনপ্রিয়তা এক সময় এমন পর্যায়ে পৌঁছেছিল যে বাস্তব জীবনে ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা। পঞ্চাশ-ষাটের দশকে তার অভিনয় ও সৌন্দর্যে যেমন দর্শক মুগ্ধ হতো, তেমনি তার খ্যাতির প্রভাব ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষের পাশাপাশি অপরাধজগতেও।

বিজ্ঞাপন

একবার মধ্যপ্রদেশের চম্বলের এক দুর্ধর্ষ ডাকাত ছুরি দেখিয়ে তার কাছ থেকে অটোগ্রাফ নিয়েছিলেন এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা আবারও আলোচনায় এসেছে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, ঘটনাটি ঘটে মীনা কুমারীর জনপ্রিয় সিনেমা ‘পাকিজা’র শুটিং চলাকালীন সময়। সেই সময় তিনি তার স্বামী ও পরিচালক কামাল আমরোহীর সঙ্গে মধ্যপ্রদেশের শিবপুরীর উদ্দেশে যাত্রা করছিলেন। পথিমধ্যে চম্বলের একটি জঙ্গলে তাদের গাড়ির জ্বালানি শেষ হয়ে যায়। জনমানবশূন্য ওই স্থানে হঠাৎ কয়েকটি গাড়ি এসে তাদের ঘিরে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই সশস্ত্র ডাকাতরা গাড়ি থেকে নেমে আসে।

বিজ্ঞাপন

ডাকাতদের দেখে আতঙ্কিত হয়ে পড়েন মীনা ও কামাল। সে সময় ডাকাত দলের সর্দার অমৃত লাল চম্বল তাদের পরিচয় জানতে চান। কামাল আমরোহী নিজের পরিচয় দিয়ে জানান যে তারা শুটিংয়ের জন্য এসেছেন। ‘শুটিং’ শব্দটি শুনে প্রথমে ডাকাতরা খেপে যায়, কারণ তারা ভেবেছিল পুলিশ তাদের ওপর গুলি চালাতে এসেছে। পরে কামাল আমরোহী বুঝিয়ে বলেন যে তারা সিনেমার শুটিং করতে এসেছেন।

পরিচয় জানার পর অমৃত লাল কিছুটা শান্ত হন এবং জানতে পারেন অন্য গাড়িতে মীনা কুমারী বসে আছেন। অমৃত লাল ছিলেন মীনা কুমারীর একজন অন্ধ ভক্ত। তিনি অবিলম্বে অভিনেত্রীর সঙ্গে দেখা করার দাবি জানান এবং তার অটোগ্রাফ চান। কিন্তু সঙ্গে কলম বা কাগজ না থাকায় নিজের হাতের ছুরি বের করেন অমৃত লাল। এতে মীনা কুমারী চরম আতঙ্কিত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

ডাকাত সর্দার তখন বলেন, যদি মীনা কুমারী ছুরি দিয়ে তার হাতে নিজের নাম লিখে দেন, তবেই তিনি তাদের গাড়ি যেতে দেবেন। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই আতঙ্কের মধ্যেও ছুরি ব্যবহার করে ডাকাতের হাতে নিজের নাম খোদাই করে অটোগ্রাফ দেন মীনা কুমারী। এরপর অমৃত লাল তার লোকজনকে নির্দেশ দিয়ে গাড়িতে পেট্রোল ভরার ব্যবস্থা করেন এবং তাদের নিরাপদে চলে যেতে সহায়তা করেন।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করা মীনা কুমারী পরবর্তীতে ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘বৈজু বাওরা’, ‘কাজল’ ও ‘আজাদ’-এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তবে তার ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত বেদনাদায়ক। স্বামী কামাল আমরোহীর সঙ্গে বিচ্ছেদ এবং একাকিত্বের কারণে তিনি ধীরে ধীরে মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। মাত্র ৩৯ বছর বয়সে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে এই কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যু হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD