সুশান্তের মৃত্যুর মামলায় আইনি জটিলতা কাটল রিয়া চক্রবর্তীর

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তার তৎকালীন প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মাদক সংযোগ ও অর্থ লেনদেন সংক্রান্ত অভিযোগের কারণে দীর্ঘ সময় আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। সেই তদন্তের অংশ হিসেবেই ২০২০ সালে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তীর ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ বা ‘ফ্রিজ’ করে দেয়।
বিজ্ঞাপন
দীর্ঘ চার বছর পর অবশেষে সেই জটিলতা কাটছে। শনিবার বিশেষ এনডিপিএস আদালত রিয়া ও শৌভিকের ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় সচল করার নির্দেশ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এনসিবি অ্যাকাউন্ট জব্দ করার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি।
রিয়া ও শৌভিক তাদের আইনজীবী আয়াজ খান ও জেহরা চরণিয়ার মাধ্যমে আদালতের কাছে অ্যাকাউন্টগুলো ডি-ফ্রিজ করার আবেদন জানান। শুনানিতে তাদের পক্ষ থেকে বলা হয়, ১৯৮৫ সালের এনডিপিএস আইনের ‘৬৮এফ’ ধারায় সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণ বাধ্যতামূলক।
বিজ্ঞাপন
নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট ফ্রিজ করার ৩০ দিনের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুমোদন নিতে হয়, যা রিয়ার ক্ষেত্রে এনসিবি করেনি। আইনজীবীদের এই দাবি ও তথ্যের সত্যতা যাচাই করে আদালত রিয়া ও শৌভিকের আবেদন মঞ্জুর করেন।
আদালত জানান, বাধ্যতামূলক পদ্ধতি অনুসরণ না করায় এই জব্দ প্রক্রিয়া বৈধ নয়। ফলে এখন থেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে আর কোনো বাধা থাকছে না এই ভাই-বোনের। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে রিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল।
বিজ্ঞাপন








