Logo

কটাক্ষের শিকার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী

profile picture
বিনোদন ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৬, ১৬:৪০
কটাক্ষের শিকার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী পর্দায় তার স্বাভাবিক অভিনয় ও স্নিগ্ধ উপস্থিতির জন্য দীর্ঘদিন ধরেই দর্শকমহলে প্রশংসিত। তবে এবার প্রশংসার বদলে তিনি বিতর্ক ও সমালোচনার কেন্দ্রে চলে এসেছেন। নীতেশ তিওয়ারির বহুল আলোচিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এ ‘সীতা’ চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

বিজ্ঞাপন

সম্প্রতি মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনের সিনেমা ‘এক দিন’-এর প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নেন সাই পল্লবী। ১ মে মুক্তি পেতে যাওয়া এই ছবিতে তিনি জুনেইদ খানের বিপরীতে অভিনয় করেছেন। প্রচারের অংশ হিসেবে আয়োজিত ‘এক দিন কি মেহফিল’ নামের সংগীত সন্ধ্যায় পাপারাজ্জি ও উপস্থিত অতিথিদের সঙ্গে তিনি হিন্দিতে কথা বলার চেষ্টা করেন।

কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। হিন্দিতে কথা বলতে গিয়ে রীতিমতো হিমশিম খান সাই। এক পর্যায়ে তিনি নিজেই হাসিমুখে স্বীকার করে নেন, ‘আমার হিন্দি খুব একটা ভালো নয়।’ অভিনেত্রীর এই সহজ স্বীকারোক্তিকে সহজভাবে নেয়নি নেটিজেনদের একাংশ। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় সমালোচনার ঝড়।

বিজ্ঞাপন

রামায়ণের মতো মহাকাব্যিক সিনেমায় সীতার মতো আইকনিক চরিত্রের জন্য কেন তাকে বাছাই করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভিডিওটি শেয়ার করে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ‘সাই পল্লবীকে দেখুন, যিনি সাধারণ হিন্দি শব্দগুলোও বলতে পারছেন না। আর তিনি কি না রামায়ণে সীতা মাতার চরিত্রে অভিনয় করছেন।’

আরেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘নীতেশ তিওয়ারি সীতা মায়ের চরিত্রের জন্য সাই পল্লবীকে কাস্ট করার সময় কী ভাবছিলেন? হিন্দিই ঠিক করে বলতে পারে না। কাস্টিং অত্যন্ত হতাশাজনক।’ কেউ কেউ আবার সংশয় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, সিনেমার মূল হিন্দি সংস্করণে কি তার কণ্ঠ ডাব করা হবে?

বিজ্ঞাপন

তবে এই সমালোচনার মাঝেই সাই পল্লবীর পাশে দাঁড়িয়েছেন তার ভক্তরা। তাদের মতে, ভাষাগত সীমাবদ্ধতা সিনেমা জগতে নতুন কিছু নয়। একজন ভক্ত মন্তব্য করেন, “ক্যাটরিনা কাইফ বা জ্যাকুলিন ফার্নান্দেজের ক্ষেত্রেও একই পরিস্থিতি ছিল। তারা পারলে সাই পল্লবী কেন পারবেন না?

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD