Logo

‘টক্সিক’ সিনেমার ঘনিষ্ঠ দৃশ্যে নিয়ে আপত্তি কিয়ারার

profile picture
বিনোদন ডেস্ক
৪ মে, ২০২৬, ১৫:৩১
‘টক্সিক’ সিনেমার ঘনিষ্ঠ দৃশ্যে নিয়ে আপত্তি কিয়ারার
ছবি: সংগৃহীত

চলতি বছরের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘টক্সিক’। কন্নড় সুপারস্টার যশ অভিনীত এই ছবিটি ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে একাধিকবার মুক্তির তারিখ পেছানোর কারণে যখন ভক্তদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই ছবিটি নতুন এক অভ্যন্তরীণ বিতর্কে জড়িয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে নিজের অভিনীত কিছু ‘সাহসী’ দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি। ‘টক্সিক’ ছবিতে যশের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।

ছবির গল্পের প্রয়োজনে তাদের মধ্যে কিছু ঘনিষ্ঠ ও রোমান্টিক দৃশ্য ধারণ করা হয়েছিল। তবে সম্প্রতি সেই দৃশ্যগুলোর চূড়ান্ত সম্পাদনা (ফাইনাল আউটপুট) দেখার পর কিয়ারা সন্তুষ্ট হতে পারেননি বলে জানা গেছে। তার মতে, দৃশ্যগুলো প্রয়োজনের চেয়ে বেশি সাহসী হয়ে গেছে, যা তিনি এখন পর্দায় রাখতে চাইছেন না।

বিজ্ঞাপন

শুটিংয়ের সময় পরিচালক মোহনদাস আশ্বাস দিয়েছিলেন যে, দৃশ্যগুলো কিয়ারার স্বাচ্ছন্দ্যের (কমফোর্ট জোন) কথা মাথায় রেখেই ধারণ করা হবে। কিন্তু এডিটিং টেবিল থেকে আসা চূড়ান্ত দৃশ্যগুলো দেখার পর কিয়ারা পুনরায় ভাবতে শুরু করেছেন।

তিনি মনে করছেন, এই দৃশ্যগুলো তার বর্তমান ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে ওই বিশেষ অংশগুলো ছবি থেকে বাদ দেওয়ার জন্য তিনি নির্মাতাদের কাছে জোরালো দাবি জানিয়েছেন। এর আগে ‘টক্সিক’-এর টিজারে একটি গাড়ির ভেতরের দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল। সেই রেশ কাটতে না কাটতেই খোদ অভিনেত্রীর আপত্তির বিষয়টি ছবিটিকে নতুন বিতর্কের মুখে ঠেলে দিল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমার প্রযোজনার দায়িত্বেও রয়েছেন যশ নিজে। ‘টক্সিক’ চলতি বছরের ৪ জুন মুক্তি পাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন মুক্তির দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD