সত্যিই কি বিয়ে করছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর?

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও ব্যবসায়ী শিখর পাহাড়িয়ার বিয়ে নিয়ে গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলছে। সম্প্রতি সেই আলোচনা নতুন করে শুরু হলে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাহ্নবীর বাবা এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর। তিনি মেয়ের বিয়ের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
বিজ্ঞাপন
ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে শিখর পাহাড়িয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন জাহ্নবী কাপুর। এমনকি ভারতের জামনগরে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হতে পারে বলেও গুঞ্জন ছড়ায়। তবে এসব খবর নাকচ করে দিয়ে ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বনি কাপুর বলেন, “না, এই খবরের কোনো সত্যতা নেই।”
আরও পড়ুন: যে ৫ সিনেমায় প্রীতি জিনতা সিঙ্গেল মাদার
জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে আলোচনার শুরু বহু আগেই। বলিউডে অভিষেকের আগেও তাদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হলেও পরবর্তীতে আবারও তাদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেতে শুরু করে। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে একাধিক মন্দির দর্শনেও শিখরকে কাপুর পরিবারের সঙ্গে দেখা গেছে।
বিজ্ঞাপন
চলতি বছরের এপ্রিলে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ নিজের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছিলেন জাহ্নবী। সরাসরি নাম উল্লেখ না করলেও সম্প্রতি এক পডকাস্টে ভালোবাসা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘ভালোবাসার মানুষের উপস্থিতিতে আমি এখন আর নিজেকে অসহায় মনে করি না। তার সামনে আমি ছোট শিশুর মতো থাকতে পারি এবং নিজের আসল সত্ত্বাকে খুঁজে পাই।’
বর্তমানে জাহ্নবী কাপুর নিজের পেশাগত কাজে ব্যস্ত সময় পার করছেন। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন তেলেগু সিনেমা ‘পেড্ডি’, যেখানে তাকে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের বিপরীতে দেখা যাবে।
বিজ্ঞাপন








