Logo

দীর্ঘ অপেক্ষার অবসান, ফিরছে ধানুশ-পল্লবীর জনপ্রিয় জুটি

profile picture
বিনোদন ডেস্ক
১৯ জুন, ২০২৬, ১৬:৩১
দীর্ঘ অপেক্ষার অবসান, ফিরছে ধানুশ-পল্লবীর জনপ্রিয় জুটি
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি ধানুশ ও সাই পল্লবীকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘মারি ২’ চলচ্চিত্রে। সেই সিনেমার জনপ্রিয় গান ‘রাউডি বেবি’ এখনও দর্শকদের কাছে সমানভাবে সমাদৃত। দীর্ঘ বিরতির পর এবার আবারও একই পর্দায় ফিরছেন এই দুই তারকা।

বিজ্ঞাপন

পরিচালক রাজকুমার পেরিয়াসামির নতুন অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘ওম’-এ অভিনয় করেছেন ধানুশ ও সাই পল্লবী। সম্প্রতি ছবিটির ঝলক প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠান। ‘ওম ফার্স্ট স্ট্রাইক’ শিরোনামে প্রকাশিত সেই ভিডিও প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে ছবিটির মুক্তির সম্ভাব্য তারিখও।

প্রকাশিত ঝলকে শুরুতেই দেখা যায় ঘন জঙ্গল ও পাহাড়ঘেরা এলাকায় আতঙ্কিত কিছু গ্রামবাসীকে। এরপর বৈরী আবহাওয়ার মধ্যে নাটকীয়ভাবে আবির্ভূত হন ধানুশ। তার উপস্থিতির পরই শুরু হয় টানটান উত্তেজনায় ভরা অ্যাকশন দৃশ্য। একের পর এক প্রতিপক্ষকে মোকাবিলা করতে দেখা যায় তাকে। ঝলকের শেষ মুহূর্তে ধানুশকে মাথার ওপর বিশাল এক অস্ত্র তুলে ধরতে দেখা যায়। এরপর পর্দায় ভেসে ওঠে ছবির নাম ও মুক্তির তারিখ।

বিজ্ঞাপন

তবে দর্শকদের কৌতূহলের অন্যতম কারণ সাই পল্লবীকে এই ঝলকে না দেখা গেলেও তিনি ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলে জানা গেছে। এছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মামুট্টি এবং অভিনেত্রী শ্রীলীলা।

উল্লেখ্য, এর আগে পরিচালক রাজকুমার পেরিয়াসামির ‘আমরণ’ চলচ্চিত্রেও কাজ করেছিলেন সাই পল্লবী। নতুন এই ছবিতে ধানুশের সঙ্গে তার রসায়ন দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।

বিজ্ঞাপন

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওম’।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD