স্বামীকে নিয়ে আবেগঘন বার্তা পূর্ণিমার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘদিন ধরেই সৌন্দর্য ও অভিনয় দক্ষতায় দর্শকদের হৃদয়ে জায়গা করে রেখেছেন। নব্বইয়ের দশকে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে তার জনপ্রিয়তা কমেনি। বরং নিজেকে নতুনভাবে উপস্থাপন করে বারবার ভক্তদের মুগ্ধ করে চলেছেন তিনি।
বিজ্ঞাপন
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি সবসময়ই নজর কাড়ে নেটিজেনদের। এবার বিশেষ এক মুহূর্তে স্বামীর প্রতি নিজের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই
স্বামী আশফাকুর রহমান রবিনের জন্মদিনে একগুচ্ছ আবেগঘন ছবি শেয়ার করে ক্যাপশনে মনের সবটুকু অনুভূতি ঢেলে দিয়েছেন তিনি। স্বামীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পূর্ণিমা লিখেছেন, ‘প্রিয় স্বামী, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি আমার শক্তি, আমার মানসিক শান্তি এবং আমার আপন নীড়।’
বিজ্ঞাপন

জীবনসঙ্গীর প্রতি নিজের ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করে নায়িকা আরও বলেন, ‘সবসময় আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমি প্রার্থনা করি, এই নতুন বছরটি তোমার জীবনে সুখ, সুস্বাস্থ্য এবং তোমার মনের সব ইচ্ছে পূরণ করুক। তোমাকে সবসময় অনেক ভালোবাসি।’
উল্লেখ্য, ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিক আয়োজনে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আরশিয়া উমাইজা।
বিজ্ঞাপন
পরবর্তীতে ২০২২ সালে নিজের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন অভিনেত্রী। এরপর একই বছরে আশফাকুর রহমান রবিনের সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি। বর্তমানে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই জনপ্রিয় তারকা।








