দক্ষিণী ইন্ডাস্ট্রি কিছুটা পুরুষতান্ত্রিক: তামান্না ভাটিয়া

দীর্ঘ প্রায় দুই দশকের অভিনয়জীবনে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তামান্না ভাটিয়া। যদিও তার অভিনয়যাত্রা শুরু হয়েছিল হিন্দি চলচ্চিত্রের মাধ্যমে, তবে প্রকৃত সাফল্য আসে তেলুগু সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। সেই অভিজ্ঞতার আলোকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্প সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই তামান্না মনে করেন, ওই ইন্ডাস্ট্রি ‘কিছুটা পুরুষতান্ত্রিক’।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, দক্ষিণ ভারতীয় ছবিতে নারীদের প্রতি এক ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটা খুব একটা ইতিবাচক নয়। সে দিক থেকে বলিউড তুলনামূলক এগিয়ে রয়েছে।
তামান্না বলেন, ‘হিন্দি চলচ্চিত্র শিল্পে মূলত দুই ধরনের অভিনেতা-অভিনেত্রী আছেন। কেউ কেউ শিল্পঘেঁষা চরিত্রে বেশি স্বাচ্ছন্দ্য পান, তাই সবসময় গ্ল্যামারাস গান বা নাচের অংশে তাদের দেখা যায় না। তবে বলিউড এই দুই ধরনের কাজেরই সুযোগ দেয়। আর যারা দুটোই করতে পারেন, তারাই শেষ পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠেন।’
বিজ্ঞাপন

অন্যদিকে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি কেমন? ‘সেখানে এক ধরনের বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে। সেটিকে কিছুটা পুরুষতান্ত্রিক বলা যায়, আর সেই দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি খুব একটা ইতিবাচক বা প্রশংসাসূচক নয়। তবে আমি এর সংগীতনির্ভর দিকটি বুঝতে পেরেছিলাম। ওখানকার সিনেমায় তারকাসুলভ উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক সাফল্যের দিক থেকে দেখলে সিনেমা অনেক সময় বেশ সীমাবদ্ধ।’
তবে নিজের মন্তব্যকে ব্যক্তিগত পর্যবেক্ষণ বলেই উল্লেখ করেছেন তামান্না। এগুলো তার ব্যক্তিগত চিন্তা। অন্যদের অভিজ্ঞতা ভিন্নও হতে পারে। তার মতে, যেসব অভিনেত্রী, ১০-১৫ বছর বা এর বেশি সময় ধরে ক্যারিয়ার ধরে রাখতে পেরেছেন, তারা অভিনয়নির্ভর ছবির সঙ্গে নাচ-গানের ছবিতেও সমান দক্ষতা দেখিয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তামান্না। বর্তমানে তিনি অপেক্ষায় রয়েছেন তার আসন্ন ছবি ‘বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর মুক্তির। দীপক মিশ্র পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার ও শ্বেতা তিওয়ারিসহ আরও অনেকে। আগামী ২৬ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।








