Logo

নায়ক উজ্জ্বলের সম্মানে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রযোজক আদনান

profile picture
বিনোদন প্রতিবেদক
২৫ জুন, ২০২৬, ১৫:৩৯
নায়ক উজ্জ্বলের সম্মানে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রযোজক আদনান
ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছরের স্থবিরতা কাটিয়ে অবশেষে নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সংগঠনটির বহুল প্রতীক্ষিত নির্বাচন।

বিজ্ঞাপন

নির্বাচন ঘিরে চলচ্চিত্রাঙ্গনে যখন নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে, ঠিক তখনই আলোচনায় এসেছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ‘প্রিয়তমা’খ্যাত প্রযোজক আরশাদ আদনান।

একই পদে জনপ্রিয় চিত্রনায়ক উজ্জ্বল প্রার্থী হওয়ায় তার প্রতি সম্মান দেখিয়ে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আরশাদ আদনান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুন) তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, নায়ক উজ্জ্বল চলচ্চিত্র পরিবারের অত্যন্ত সম্মানিত একজন সদস্য। ব্যক্তিগতভাবে তিনি তাকে গভীর শ্রদ্ধা করেন। সেই কারণে তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সমিতির অফিস সেক্রেটারি সুমেন্দ্রনাথ জানিয়েছেন, আগামী ৮ আগস্ট বিএফডিসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলবে ২৮ জুলাই পর্যন্ত।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনে ইতোমধ্যেই নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পরিচালক, শিল্পী, প্রযোজক ও প্রদর্শকদের মধ্যে দীর্ঘদিন পর সংগঠনটির কার্যক্রম পুনরায় সক্রিয় হওয়ার প্রত্যাশা দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত নির্বাচন আয়োজনের মাধ্যমে সংগঠনটি চলচ্চিত্র শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সর্বশেষ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৭ জুলাই। এরপর ভোটার তালিকা নিয়ে বিরোধ, আইনি জটিলতা এবং বিভিন্ন সাংগঠনিক সমস্যার কারণে টানা সাত বছর নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ এই বিরতির পর এবারের নির্বাচনকে চলচ্চিত্র অঙ্গনের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD