সঠিক মানুষ পেলেই বিয়ে করবেন তটিনী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
তটিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই; আর সঠিক মানুষের সন্ধান পেলেই তবে বিয়ের পিঁড়িতে বসবেন।
এর আগে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সে বিষয়ে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন তিনি। উঠে আসা নানা গুঞ্জনের জবাবে অভিনেত্রী বলেন, হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। এইটা আমি আসলে এতবার বলেছি! আর আমার মনে হয় যে, প্রেম যদি থাকত তাহলে জিনিসটা আমি আরও প্রাইভেটলি হ্যান্ডেল করতাম। আসলে এইটা নিয়ে আমি কথা বলার সুযোগই দিতাম না। সো, আপনারা নিশ্চিত থাকতে পারেন, কোনো প্রেম নেই।
বিজ্ঞাপন

কেমন জীবনসঙ্গী চান—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, তিনি এমন একজন মানুষের অপেক্ষায় আছেন, যিনি তাকে যথাযথ সম্মান করবেন, তার পেশাকে মূল্য দেবেন এবং তার পরিবারকেও ভালোবাসবেন।
এ প্রসঙ্গে নিজের ভাবনা প্রকাশ করে তটিনী বলেন, বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে প্রপার সম্মান দিবে, আমাকে, আমার... আমার প্রফেশনকে, আমার ফ্যামিলিকে ভালোবাসবে—অবশ্যই। আমার কাছে একটা কথা সবসময় মনে হয়, জীবনে ভালোবাসার মানুষের থেকেও ভালো রাখার মানুষ খুব দরকার; যে আমাকে ভালো রাখতে পারবে। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষ দেয়, তাহলে করব।
বিজ্ঞাপন
একটি সম্পর্কে শুধু অন্ধ ভালোবাসা নয়, বরং পারস্পরিক সম্মান এবং দিনশেষে ভালো রাখার মানসিকতা বেশি জরুরি বলে মনে করেন পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। নিজের সেই জীবনবোধের কথা উল্লেখ করে তটিনী আরও বলেন, ভালোবাসা একটা পয়েন্ট পর্যন্ত তো অবশ্যই দরকার। বাট আমার কাছে মনে হয় মেইন প্রায়োরিটি—আপনাকে ভালো রাখতে পারছে কি না। অনেকে অনেক... আপনি অনেক ভালোবাসলেন, বাট সে আপনাকে প্রপার সম্মান দিল না; দিনশেষে সেখানে তো শান্তি নেই।
বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন তানজিম সাইয়ারা তটিনী। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া তার অভিনীত একাধিক নাটক দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পাওয়া সাজ্জাদ হোসেন বাপ্পি পরিচালিত এবং খাইরুল বাশারের সঙ্গে জুটি বেঁধে অভিনীত ‘সুতরাং’ নাটকটিও দর্শকমহলে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।








