Logo

একই দিনে বাবা-ছেলের জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্ব

profile picture
বিনোদন প্রতিবেদক
২৭ জুন, ২০২৬, ১৪:০০
একই দিনে বাবা-ছেলের জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্ব
ছবি: সংগৃহীত

আজ ২৭ জুন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে শরীয়তপুরে জন্ম নেওয়া এই তারকা ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রাখলেন। তবে এবারের জন্মদিন তার জন্য অন্যবারের তুলনায় আরও বেশি আনন্দের, কারণ একই দিনে জন্মদিন তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশেরও।

বিজ্ঞাপন

প্রতি বছর ২৭ জুন বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেন অপূর্ব। বিশেষ এই দিনটি ঘিরে পরিবার, সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নির্মাতা ও অভিনয়শিল্পী অপূর্বর সঙ্গে তোলা ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

ছোটবেলা থেকেই শোবিজের প্রতি আগ্রহ ছিল অপূর্বর। ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মিস্টার বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরপর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় একটি কফির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে জনপ্রিয়তা পান। অভিনয়জীবনের আনুষ্ঠানিক সূচনা হয় ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

বিজ্ঞাপন

দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অপূর্ব উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী নাটক ও টেলিফিল্ম। বিশেষ করে ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে তার মধ্যবিত্ত তরুণের অসাধারণ ও আবেগঘন অভিনয় দেশের বিনোদন দুনিয়ায় এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করে। যে কারণে অনেকের কাছে এখন তিনি ঘরের ‘বড় ছেলে’ হিসেবেও পরিচিত।

একের পর এক রোম্যান্টিক ও পারিবারিক গল্পের নাটকে সাবলীল অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কাজ করেছেন ওপার বাংলার চলচ্চিত্রেও; সেখানেও তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

ব্যক্তিগত জীবনেও নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন এই অভিনেতা। ২০১০ সালে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে প্রথম বিয়ে করেন। তবে সেই সংসার বেশিদিন টেকেনি এবং এক বছরের মাথায়, ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। প্রভার সাথে বিচ্ছেদের পর তিনি একই বছরের জুলাই মাসে নাজিয়া হাসান অদিতিকে দ্বিতীয় বিয়ে করেন, যার সাথে ২০২০ সালে তার বিচ্ছেদ হয়। তবে তাদের ঘরে রয়েছে একটি পুত্র সন্তান। সেই একমাত্র পুত্রের নাম জায়ান ফারুক আয়াশ।

বিজ্ঞাপন

অপূর্ব এখন নতুন অধ্যায়ে বেশ উচ্ছ্বসিত। ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন তিনি। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের কোলজুড়ে আসে কন্যা সন্তান আনায়া। বর্তমানে নতুন সংসার ও কন্যাসন্তান নিয়ে বর্তমানে সুখে দিন কাটাচ্ছেন এই অভিনেতা; ছেলের সঙ্গেও রয়েছে সুসম্পর্ক। একই দিনে বাবা-ছেলের জন্মদিন নিয়ে এর আগে অভিনেতা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, 'বাবা-ছেলের একই দিনে জন্মদিন হওয়ায় অনেক খুশি আমি।' শুধু তাই নয়, কোনো এক বাবা দিবসে অপূর্ব ছেলেকে উদ্দেশ্য করে লিখেছিলেন, 'আমি তোমাকে যখন দেখি তখনেই চিন্তা করি কিভাবে তুমি আমার মতো দেখতে হলে? কী স্বর্গীয় উপহার আল্লাহ্ আমাকে দিয়েছেন।'

বর্তমানে নতুন কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন অপূর্ব। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েবফিল্ম ‘হেডলাইন’। রহস্য ও রোমাঞ্চঘেরা গল্পের এই কাজটিতে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন ও চঞ্চল চৌধুরী। মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ওয়েবফিল্মটি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD