রোম্যান্টিক গানে ফিরলেন সিঁথি, চমকে দিলেন অলংকার

চারদিকে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই নতুন রোম্যান্টিক গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘বসন্তের কোকিল’ শিরোনামের এই গানে নজর কেড়েছেন মডেল-অভিনেত্রী অলংকার চৌধুরী, যার প্রাণবন্ত পারফরম্যান্স ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
বিজ্ঞাপন
অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি। মুক্তির পর থেকেই এটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। রণক রায়হানের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। এর আগে তিনি ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
নতুন এ গান নিয়ে সিঁথি সাহা বলেন, ‘গানটি গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। এর সুর, কথা ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত। ভিডিওটা দেখলেও মন ভালো হয়ে যায়। এটি প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সত্যিই অনুপ্রাণিত করছে। আশা করছি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে থাকবে।’
বিজ্ঞাপন

মিউজিক ভিডিওতে অলংকার চৌধুরীর সঙ্গে রয়েছেন শিফাত আমিন শুভ। ভিডিওটি পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। উৎসবের আমেজ আর ভালোবাসার গল্পে নির্মিত গানটি ইতোমধ্যেই দর্শকদের নজর কাড়ছে।
আরও পড়ুন: সঠিক মানুষ পেলেই বিয়ে করবেন তটিনী
অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন বলেন, বর্তমানে সংগীতাঙ্গনে নতুন গান নির্মাণ ও প্রকাশের সংখ্যা আগের তুলনায় কমে এসেছে। সেই পরিস্থিতি বদলাতে ধারাবাহিকভাবে নতুন গান ও মিউজিক ভিডিও প্রকাশের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ‘বসন্তের কোকিল’ সেই পরিকল্পনারই একটি অংশ।
বিজ্ঞাপন








