Logo

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

profile picture
বিনোদন প্রতিবেদক
২৯ জুন, ২০২৬, ১১:০৪
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
ছবি: সংগৃহীত

বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিউমোনিয়াজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, ফুসফুসে গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিয়ে গত ১৪ জুন থেকে হাসপাতালে ভর্তি ছিলেন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি কবি গোলাম মোস্তফা ও জমিলা খাতুনের সন্তান।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করার পর কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। পরে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন এবং ১৯৫৯ সালে ফাইন আর্টসে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

দেশে ফিরে শিল্পাচার্য জয়নুল আবেদিনের পরামর্শে আর্ট কলেজে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

চিত্রকলার পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, শিশুতোষ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক বিকাশে তার অবদানের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত ছিলেন। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন সম্মাননা ও পুরস্কারও অর্জন করেন তিনি।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে দেশের শিল্পাঙ্গন, সংস্কৃতিকর্মী ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD