এফডিসিতে ভোট: জায়েদ খান ও তার ‘ডিগবাজি’ মিস করছেন জয়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে শুক্রবার (৩ জুলাই) এফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে প্রাঙ্গণে ভিড় বাড়তে থাকে তারকাদের। তবে এবারের নির্বাচনে অনুপস্থিত সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
বিজ্ঞাপন
নির্বাচনে উপস্থিত না থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জায়েদ খান। বিশেষ করে তার বিভিন্ন কর্মকাণ্ড ও সামাজিক মাধ্যমে আলোচিত ‘ডিগবাজি’ প্রসঙ্গ আবারও উঠে এসেছে।
আরও পড়ুন: এফডিসিতে চলছে শিল্পী সমিতির ভোটগ্রহণ
ভোট দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘জায়েদ খান মানেই এক ধরনের বিনোদন, এটা সবাই জানে। এবার তার নির্বাচন যেমন মিস করছি, তেমনি তার বিখ্যাত ডিগবাজিও মিস করছি। সত্যি বলতে, জায়েদ খানের সবকিছুই সবাই মিস করে, এটাই স্বাভাবিক।’
বিজ্ঞাপন
তিনি আরও জানান, জায়েদ খান দেশে না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মকাণ্ড নিয়মিত অনুসরণ করেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলে নিজের স্বভাবসুলভ রসিকতায় শাহরিয়ার জয় বলেন, ‘পরিবেশ বলতে তো শুধু ক্যামেরাই দেখছি, ক্যামেরার বাইরে আর কিছু দেখতে পারছি না।’
শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন ঘিরে এফডিসিজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বিজ্ঞাপন
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। আর নির্বাচন-পরবর্তী আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।








