শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা শানু। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শুক্রবার (৩ জুলাই) ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
বিজ্ঞাপন
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তির প্রাপ্ত ভোট ১৭৯।
বিজ্ঞাপন
এবারের নির্বাচনকে ঘিরে কয়েক সপ্তাহ ধরেই বিএফডিসিতে ছিল উৎসবের আমেজ। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। একদিকে ছিল আরমান–মুক্তি পরিষদ, অন্যদিকে শিবা শানু–জয় চৌধুরী পরিষদ। নির্বাচনের আগে প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি এবং ভোটারদের সঙ্গে মতবিনিময়সহ নানা কার্যক্রমে মুখর ছিল চলচ্চিত্রাঙ্গন।

শুক্রবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট শেষ হওয়ার পর ব্যালট বাক্স সিলগালা করে গণনা শুরু করে নির্বাচন কমিশন। দীর্ঘ সময় ধরে ভোট গণনার পর শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নেতৃত্বে আসেন সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরী। নতুন কমিটির কাছে শিল্পীদের অধিকার সুরক্ষা, কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।








