চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কে কত ভোট পেলেন?

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। সভাপতি পদে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পান ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।
বিজ্ঞাপন
শনিবার (৫ জুলাই) ভোরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে। কমিটির সদস্যদের স্বাক্ষরিত ফলাফলে জানানো হয়, নিবন্ধিত ৫৭৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন। এর মধ্যে ৪৬৩টি ভোট বৈধ এবং ১৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।
সহ-সভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। ডি এ তায়েব পেয়েছেন ২৬০ ভোট, আর ইলিয়াস কোবরা পেয়েছেন ২১৬ ভোট। এই পদে অভিনেত্রী নূতন পান ২০৪ ভোট এবং রোজিনা পান ১৫২ ভোট।
বিজ্ঞাপন
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। তার প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী চুন্নু পেয়েছেন ১৮৩ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন; প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী রাসেল মিয়া ১৯৫ ভোট পেয়েছেন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে অপর দুই প্রতিদ্বন্দ্বী মোসফেকুল জামিল (কাকন) ১১৮ ভোট এবং ইউসুফ খান ৭২ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।
এছাড়াও কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদে বিজয়ীরা হলেন- চিত্রনায়ক কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ। তাদের মধ্যে ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু।
বিজ্ঞাপন
শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি ছিল। নির্বাচন ঘিরে এক মাস ধরে চলচ্চিত্রশিল্পীদের উপস্থিতিতে সরগরম ছিল এফডিসি প্রাঙ্গণ। প্রার্থীদের ব্যস্ততা, সমর্থকদের আনাগোনা এবং নানামুখী প্রচারণায় পুরো এলাকায় দেখা গেছে নির্বাচনী আবহ।
এবারের নির্বাচনে মূল লড়াই হয় দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেলে ছিলেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলের নেতৃত্বে ছিলেন শিবা সানু ও জয় চৌধুরী। শেষ পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক—দুই গুরুত্বপূর্ণ পদেই জয় পায় শিবা সানু-জয় চৌধুরী প্যানেল।








