Logo

জটিলতা কাটিয়ে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

profile picture
বিনোদন ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ১৫:৪১
জটিলতা কাটিয়ে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অপেক্ষা ও নানা জটিলতার পর অবশেষে মুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে থালাপতি বিজয়ের বহুল আলোচিত শেষ সিনেমা ‘জনা নায়াগান’। সেন্সর জটিলতায় বারবার পিছিয়ে যাওয়া ছবিটি চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসতে পারে বলে জানা গেছে। ফলে বিজয়ের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফের এক প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে পারে সিনেমাটি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে জুলাই মাসের মধ্যেই এটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান।

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জনা নায়াগান’ গত জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেন্সর সার্টিফিকেশন ও সিবিএফসি বিরোধের কারণে শেষ মুহূর্তে সেটি স্থগিত করা হয়। সে সময় মুক্তির আগেই ১ কোটি রুপির অগ্রিম টিকিট বুকিং হয়ে যায়। এতে বোঝা যায়, বিজয়ের শেষ সিনেমা নিয়ে ছিল ব্যাপক উন্মাদনা। অবশেষে এ সপ্তাহেই মিলতে পারে ছাড়পত্র।

বিজ্ঞাপন

সূত্রের খবর, প্রযোজনা সংস্থা জুলাই মাসের তিনটি সম্ভাব্য তারিখ নিয়ে ভাবছে—১৬, ২৩ অথবা ৩১ জুলাই। তবে ৩১ জুলাই মুক্তির সম্ভাবনা কম। কারণ ওই দিন বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ের পরিচালনায় প্রথম সিনেমা ‘সিগমা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর জুলাইয়ে সম্ভব না হলে আগামী ৭ আগস্ট সিনেমাটি থিয়েটারে আসতে পারে।

রাজনীতিতে পুরোপুরি যোগ দেওয়ার আগে ‘জন নায়াগান’ বিজয় ঘোষণা দেন, এটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ সিনেমা। এর মাঝেই গত ৯ এপ্রিল নির্বাচনের ঠিক আগে সিনেমাটির একটি এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যায়। পুলিশ জড়িতদের গ্রেপ্তার করলেও নির্মাতাদের জটিলতা আরও বেড়ে গিয়েছিল।

বিজ্ঞাপন

‘জনা নায়াগান’-এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু ও ববি দেওল। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ের জয়ের পর তার শেষ সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। সবকিছু ঠিক থাকলে আর অল্প কিছুদিনের মধ্যেই প্রেক্ষাগৃহে দেখা যাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD