Logo

আজ জনপ্রিয় অভিনেতা আমির খানের বিয়ে

profile picture
বিনোদন ডেস্ক
৫ জুলাই, ২০২৬, ১২:২৭
আজ জনপ্রিয় অভিনেতা আমির খানের বিয়ে
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আজ তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন। তার জীবনসঙ্গী হচ্ছেন দীর্ঘদিনের পরিচিত গৌরী স্প্র্যাট। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত আমিরের নিজ বাসভবনে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রায় ২৫ বছর ধরে একে অপরকে চেনেন আমির ও গৌরী। তবে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয় প্রায় দুই বছর আগে। নিজের ষাটতম জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ করেছিলেন এই অভিনেতা।

আমিরের পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানটি অত্যন্ত সংক্ষিপ্ত ও পারিবারিক আবহে সাজানো হয়েছে। আমন্ত্রিত অতিথির তালিকায় রয়েছেন মাত্র ১৫০ জন। বিয়েতে অংশ নিতে আমিরের বেশ কয়েকজন আত্মীয় বিদেশ থেকে মুম্বাইয়ে এসেছেন। বাবার বিয়েতে উপস্থিত থাকবেন আমির খানের তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। এছাড়া অনুষ্ঠানে যোগ দেবে গৌরীর আগের সংসারের ছয় বছর বয়সী ছেলেও, যাকে সাধারণত প্রচারের আলো থেকে দূরেই রাখা হয়।

বিজ্ঞাপন

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন। এই সংসারে তাদের জুনায়েদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। দীর্ঘ ১৬ বছর সংসার করার পর ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণ রাওকে। ২০২১ সালে কিরণের সঙ্গেও তার বিবাহবিচ্ছেদ ঘটে। তবে সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া সন্তান আজাদের সহ-অভিভাবক হিসেবে তারা এখনো একসঙ্গে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে গৌরী স্প্র্যাটের পারিবারিক শিকড় বেঙ্গালুরুতে। জীবনের বড় একটি সময় সেখানেই কেটেছে তার। তিনি লন্ডনের শিল্পবিষয়ক একটি বিশ্ববিদ্যালয়ে পোশাক নকশা, রূপসজ্জা ও আলোকচিত্র বিষয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে মুম্বাইয়ে নিজের একটি সৌন্দর্যচর্চা কেন্দ্র পরিচালনা করছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD