Logo

তৃতীয়বার বিয়ের বন্ধনে আমির খান, প্রকাশ্যে এলো প্রথম ছবি

profile picture
বিনোদন ডেস্ক
৫ জুলাই, ২০২৬, ১৮:২৪
তৃতীয়বার বিয়ের বন্ধনে আমির খান, প্রকাশ্যে এলো প্রথম ছবি
ছবি: সংগৃহীত

বলিউড তারকা আমির খান ও গৌরী স্প্র্যাট আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিশেষ বিবাহ আইনের আওতায় নিবন্ধিত এই বিয়ের মাধ্যমে তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নবদম্পতির প্রথম ছবি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

আমির খানের জনসংযোগ টিম তাদের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে রোববার (৫ জুলাই) নিবন্ধন প্রক্রিয়ার কয়েকটি ছবি প্রকাশ করে। সেখানে ৬১ বছর বয়সী আমির ও ৪৭ বছর বয়সী গৌরীকে বিয়ের নথিতে স্বাক্ষর করতে দেখা যায়। ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হয় এই ব্যক্তিগত আয়োজন।

ছবিগুলোতে স্বামী-স্ত্রী হিসেবে প্রথমবারের মতো একসঙ্গে ধরা দেন আমির ও গৌরী। নিবন্ধন কার্যক্রম শেষ করার মুহূর্তগুলোই ছিল তাদের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক সূচনা।

বিজ্ঞাপন

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে সীমিত পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে বিদেশ থেকে আসা আত্মীয়রাও উপস্থিত ছিলেন। আমির খানের সন্তান জুনায়েদ খান, ইরা খান এবং আজাদ রাও খান অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া গৌরী স্প্র্যাটের ছেলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফলে এটি ছিল দুই পরিবারের সদস্যদের অংশগ্রহণে একটি আন্তরিক পারিবারিক আয়োজন।

বিয়ের আগে আমিরের মুম্বাইয়ের পালি হিলের বাসভবনে পৌঁছাতে দেখা যায় ইরা খান ও জুনায়েদ খানকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা আশুতোষ গোয়ারিকর, যিনি একসময় আমিরকে নিয়ে লগান নির্মাণ করেছিলেন।

এছাড়া অনুষ্ঠানে অভিনেত্রী এলি আভররাম, অভিনেতা বীর দাস, সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান এবং রাজনীতিক রাজ ঠাকরে-সহ আরও বেশ কয়েকজন পরিচিত মুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিয়েকে ঘিরে আমির খানের মুম্বাইয়ের বাসভবন বিশেষভাবে সাজানো হয়। আলোকসজ্জা ও উৎসবমুখর সাজসজ্জায় পুরো বাড়িকে নতুন রূপ দেওয়া হয়েছিল। সপ্তাহজুড়ে প্রস্তুতি চলেছে এবং বৃষ্টির মধ্যেও কর্মীরা আসন বিন্যাস ও অন্যান্য আয়োজনের শেষ মুহূর্তের কাজ সম্পন্ন করেন।

ব্যক্তিগত জীবনে এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি প্রথম বিয়ে করেছিলেন রীনা দত্তকে। তাদের সংসারে জন্ম নেয় জুনায়েদ ও ইরা। ২০০২ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

বিজ্ঞাপন

এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। প্রায় ১৬ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। তবে বিচ্ছেদের পরও ছেলে আজাদ রাও খানের যৌথ অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন দুজন।

গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির খান। সেদিনই গণমাধ্যমের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দেন তিনি। কয়েক মাসের ব্যবধানে সেই সম্পর্কই এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের মাধ্যমে নতুন পরিণতি পেল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD