জনপ্রিয় মডেল-অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

মুম্বাইয়ে চলন্ত ট্রেনে সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মীদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাঙালি মডেল ও অভিনেত্রী অন্তরা ব্যানার্জি। রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মকর্তাদের অশালীন ভাষায় গালিগালাজ, ব্লেড দিয়ে হামলা, পোশাক খুলে ফেলার চেষ্টা এবং ট্রেনের কামরার জানালার কাচ ভাঙার চেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে দেশটির রেল পুলিশ।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১২ আগস্ট শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন বাঙালি অভিনেত্রী অন্তরা। তার কাছে স্লিপার শ্রেণির টিকিট ছিল। অভিযোগ রয়েছে, স্লিপার শ্রেণির টিকিট থাকা সত্ত্বেও তিনি অরাবলি এক্সপ্রেসের সংরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় উঠে পড়েন। ঘটনাটি ঘটে রাত ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিবলি ও ডহানুর মাঝামাঝি এলাকায়।
প্রাথমিক তথ্য প্রতিবেদনে বলা হয়েছে, এক যাত্রী অন্তরাকে সংরক্ষিত আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে অভিনেত্রী আসন ছাড়তে রাজি না হওয়ায় ওই যাত্রী বিষয়টি রেল কর্তৃপক্ষ ও রেলওয়ে সুরক্ষা বাহিনীকে জানান। পরে রেলওয়ে সুরক্ষা বাহিনীর সহকারী উপপরিদর্শক যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অভিযোগ, এ সময় অন্তরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশের দাবি―এক পর্যায়ে অভিনেত্রী তার গায়ের পোশাক খুলে ফেলেন এবং হাতে একটি ব্লেড নিয়ে আরপিএফ কর্মীদের ভয় দেখাতে থাকেন। এমনকি হাতে থাকা ব্লেড দিয়ে একজন কর্মীকে আঘাতও করেছেন। নিজেও আহত হয়েছেন তিনি। যামিনীকান্ত্র মিশ্রের অভিযোগ, তার পোশাক ও ফোনও নষ্ট করেছেন অন্তরা।
এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কামরার দরজা বন্ধ করে দেয়া হয়। তখন কামরা থেকে বের হওয়ার জন্য জানালার কাচ ভাঙার চেষ্টা করেন অভিনেত্রী। পরে ডহানু স্টেশনে তাকে ট্রেন থেকে নামিয়ে রেল পুলিশের কাছে তুলে দেয়া হয়। পরদিন বোরিভালি রেল পুলিশ আনুষ্ঠানিকবাবে গ্রেপ্তার দেখায় তাকে।
এদিকে এ ঘটনায় মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়া, প্রাণঘাতী অস্ত্রের মাধ্যমে আঘাত করা, নিরাপত্তার জন্য হুমকি দেয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির মতো একাধিক ধারায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তীতে জামিনে মুক্তি দেয়া হয়েছে তাকে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, অন্তরা ব্যানার্জির জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। মডেলিং এবং শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে তিনি ক্যারিয়ার শুরু করেন। পরে হিন্দি বিনোদন জগতে অভিনয়ে অভিষেক হয় তার। ‘গুমরাহ’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘কসৌটি জিন্দেগি কি’ এবং ‘কবচ ২’-এর মতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন অন্তরা। ২০১৪ সালে ‘দ্য শোকিন্স’ এবং ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া’ সিনেমাতেও অভিনয় করেন তিনি।








