Logo

এতদিনের কৌতূহলের অবসান, অবশেষে একসঙ্গে দুই আয়মান

profile picture
বিনোদন প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৬, ১৯:৩৩
এতদিনের কৌতূহলের অবসান, অবশেষে একসঙ্গে দুই আয়মান
ছবি: সংগৃহীত

দুজনেই নিজ নিজ জায়গায় পরিচিত তারকা। একজন অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন, অন্যজন শিক্ষা ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। দুজনের নামেও রয়েছে বেশ মিল। একজন সাদিয়া আয়মান, অন্যজন আয়মান সাদিক। নামের এই মিলের কারণে অনেকেই দীর্ঘদিন ধরে মনে করে আসছেন, তারা হয়তো বাস্তব জীবনের ভাই-বোন।

বিজ্ঞাপন

বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে নিয়ে এমন প্রশ্ন উঠেছে যে, তারা একই পরিবারের সদস্য কি না। তাদের প্রকাশিত বিভিন্ন পোস্টের নিচেও নিয়মিত দেখা যায় এ ধরনের মন্তব্য ও প্রশ্ন। তবে মজার বিষয় হলো, নামের এত মিল থাকা সত্ত্বেও এতদিন পর্যন্ত এই দুই আয়মানের সরাসরি দেখা হয়নি।

অবশেষে সেই অপেক্ষারও অবসান হয়েছে। প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেল সাদিয়া আয়মান ও আয়মান সাদিককে। সোমবার (১৭ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সেই মুহূর্তের ছবি প্রকাশ করেছেন সাদিয়া আয়মান। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘যে মানুষটির সঙ্গে আমার নামের কারণে এত গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হলো। দুই আয়মান, অবশেষে এক ফ্রেমে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুই আয়মানকে একসঙ্গে দেখে নেটিজেনরাও বেশ খুশি। একজন পরামর্শ দিয়েছেন, ‘আপনারা দুজন ভাই-বোন হয়ে যান’; আরেকজন লিখেছেন, ‘সামনের দুটো দাঁতেও মিল আছে। পুরাই ভাই-বোন লাগে’; অন্য একজনের মন্তব্য, ‘রিউমার আর কী, ভাই-বোনই তো ভাবতাম’।

ছবিটি পোস্ট করার পর মুহূর্তেই ঝড় তুলেছে ফেসবুকে। সাদিয়ার পোস্টে ২০ মিনিটেরও কম সময়ে প্রতিক্রিয়া এসেছে ৪ হাজার। মন্তব্য শতাধিক। বোঝাই যাচ্ছে, দুই আয়মানকে ঘিরে নেটিজেনদের আগ্রহ কতটা প্রবল।

উল্লেখ্য, সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে মহিদুল মহিম পরিচালিত নাটক ‘প্রিয় পরিবার’-এ। নাটকটি গত জুনে অন্তর্জালে প্রকাশিত হয়। এতে সাদিয়া আয়মানের সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD