ব্যক্তিজীবনের গল্প শোনালেন সাদিয়া আয়মান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা অনুভূতি ও অভিজ্ঞতা নিয়েও প্রায়ই কথা বলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি মা, পরিবার, ধৈর্য এবং মানবিকতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সেখানে নিজের ব্যক্তিত্ব গঠনে মায়ের প্রভাবের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
সাদিয়া আয়মান বলেন, ‘আমি চাই যেন আমিও একটা সময় আমার আম্মুর মতো এরকম হতে যেখানে আমি যাই, আমি যদি না থাকি মানুষজন আমাকে বলতে থাকে যে, ‘সাদিয়া কোথায়?’ বা ‘আমি কোথায়?’ আমাকে যেন খুঁজতে থাকে। সো আমি আম্মুর থেকে প্রতিনিয়ত ইন্সপিরেশন পাই। উনি আমার দেখা সবথেকে ধৈর্যশীল নারী। তো আমিও দিন দিন নিজেকে চেষ্টা করছি ধৈর্যশীল হতে।’
তিনি বলেন, মানুষের মন জয় করে কীভাবে চলতে হয়, সেটাও তিনি মায়ের কাছ থেকেই শিখেছেন। নিজের একটি শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে সাদিয়া বলেন, একবার আউটডোর শুটিং করতে গিয়ে টিমের কেউ ঠিকমতো খাওয়ার সুযোগ পাননি। সবাই বিস্কুট, কেক আর কফি খেয়েই কাজ চালাচ্ছিলেন।
বিজ্ঞাপন

সেই সময় অভিনেতা মোশাররফ করিম এসে মজা করে বলেছিলেন, তিনি তো রোজা রাখেননি, তাই খুব ক্ষুধা লেগেছে— তাকে যেন একটু কেক বা বিস্কুট দেওয়া হয়। শুটিং সেটের এমন ছোট ছোট মুহূর্তগুলোও তাকে অনেক কিছু শেখায় বলে জানান সাদিয়া।
নিজেকে কেমন মানুষ হিসেবে দেখতে চান— এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, তিনি নিজেকে একজন মানবিক মানুষ বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার বিশ্বাস, অনেকটাই তিনি মায়ের মতো হয়ে উঠেছেন। এমনকি চেহারাতেও মায়ের ছাপ রয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
সাদিয়া আরও বলেন, আগে তিনি অনেক বেশি চঞ্চল ও অধৈর্য ছিলেন। খুব দ্রুত কথা বলতেন এবং অস্থির স্বভাবের ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলানোর চেষ্টা করছেন। বিশেষ করে মিডিয়ায় কাজ শুরু করার পর তিনি আরও ধৈর্যশীল ও পরিণত হয়েছেন বলে মনে করেন এই অভিনেত্রী।








