Logo

বড় পর্দায় পা রাখছেন অভিনেত্রী অদ্রিতা

profile picture
লাবলু হোসেন
১ অক্টোবর, ২০২৬, ১৯:৫০
বড় পর্দায় পা রাখছেন অভিনেত্রী অদ্রিতা
ছবি: সংগৃহীত

নতুন গল্প ও ভিন্নধর্মী চরিত্র নিয়ে নির্মিত হচ্ছে নির্মাতা আলী জুলফিকার জাহেদীর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জানালার ওপারে কেউ নেই’। আদ্রীয়ান প্রডাকশনসের ব্যানারে নির্মাণাধীন সিনেমাটির শুটিং শুরু হয়েছে গত ১৫ সেপ্টেম্বর। বর্তমানে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্যধারণ।

বিজ্ঞাপন

মনস্তাত্ত্বিক টানাপোড়েন ও মানবিক সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে এগোবে সিনেমাটির গল্প। সমসাময়িক সমাজের বাস্তবতা, মানুষের একাকীত্ব, সম্পর্কের দ্বন্দ্ব এবং জীবনের নানা অপ্রকাশিত অনুভূতি গল্পের বিভিন্ন পর্যায়ে উঠে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চলচ্চিত্রটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগত অভিনেত্রী অদ্রিতার। নির্মাতা আলী জুলফিকার জাহেদীর হাত ধরে চলচ্চিত্রে যাত্রা শুরু করছেন তিনি। নতুন মুখ হলেও চরিত্রের প্রয়োজন ও গল্পের সঙ্গে সামঞ্জস্য বিবেচনা করেই অদ্রিতাকে নির্বাচিত করা হয়েছে বলে নির্মাতাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‘জানালার ওপারে কেউ নেই’ সিনেমায় অদ্রিতার সঙ্গে অভিনয় করছেন লারা লোটাস, শিফাত আমিন শুভ, সাকিব হোসাইন, গোলাম ফরিদা ছন্দা, সাইফুর রহমান ইভানসহ আরও অনেকে। অভিজ্ঞ ও নবীন শিল্পীদের সমন্বয়ে গড়ে উঠেছে সিনেমাটির অভিনয়শিল্পীদের দল।

নির্মাতা আলী জুলফিকার জাহেদী বলেন, মানুষের ভেতরের অনুভূতি এবং সম্পর্কের জটিল দিকগুলো গল্পের মাধ্যমে তুলে ধরাই সিনেমাটির অন্যতম লক্ষ্য। গল্পের আবহ ও চরিত্রগুলোর বাস্তবতা ফুটিয়ে তুলতে ঢাকার বিভিন্ন বাস্তব লোকেশনে শুটিং করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন ইসমাইল হোসেন লিটন। নির্মাতাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলচ্চিত্রটির একটি গুরুত্বপূর্ণ প্রধান চরিত্রে পাকিস্তানের একজন অভিনেত্রী অভিনয় করবেন। তবে তাঁর নাম ও চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি। পরবর্তী সময়ে নির্মাতা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন।

বিজ্ঞাপন

গল্প ও চরিত্রের প্রয়োজন অনুযায়ী ঢাকার আরও বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। নির্মাণকাজ শেষ হওয়ার পর চলচ্চিত্রটির মুক্তির তারিখ ও অন্যান্য বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD