৩৯-এও পঁচিশের তরুণী, আবারও ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী

বয়স ৩৯। অভিনয়জীবনের ২৯ বছর এরই মধ্যে পার করে ফেলেছেন তিনি। ছোটবেলায় অভিনয়ে পা রাখার কারণে দীর্ঘ সময় ধরেই বিনোদনজগতের সঙ্গে তার পথচলা। তিনি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বয়স চার দশকের কাছাকাছি হলেও রূপ ও লাবণ্যে এখনো তাকে পঁচিশের তরুণীর মতোই মনে হয়।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) কলকাতায় হইচইয়ের এক অনুষ্ঠানে তেমনই নজরকাড়া রূপে হাজির হন শ্রাবন্তী। লাল গাউনে তার উপস্থিতি ছিল বেশ আকর্ষণীয়। পরিচিত শরীরী ভঙ্গিমায় অনুষ্ঠানে উপস্থিত সবার নজর কাড়েন এই অভিনেত্রী। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেগুলোতে নিজেদের ভালোলাগার কথা জানাচ্ছেন নেটিজেনরাও।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে হইচইয়ের ওই অনুষ্ঠান থেকেই পাওয়া গেছে শ্রাবন্তীকে ঘিরে নতুন খবর। আবারও ‘ঠাকুমা’ চরিত্রে ফিরছেন তিনি। বাংলার জনপ্রিয় রূপকথার গল্প অবলম্বনে পর্দায় ‘ঠাকুমার ঝুলি’ তুলে এনেছিলেন পরিচালক অয়ন চক্রবর্তী। চলতি বছরের মার্চে মুক্তি পাওয়া ওই সিরিজে ঠাকুমার চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দেন শ্রাবন্তী।

সেই সাফল্যের পর পুনরায় ফিরছেন ‘ঠাকুমা’ শ্রাবন্তী। তবে এবার বদলেছে পরিচালক। এবার সিরিজটি বানাবেন জয়দীপ মুখার্জি। আর ঠাকুমার নাতনির চরিত্রে আগের মতোই থাকছেন দিব্যাণী মণ্ডল। প্রথম সিজনে রাহুল ব্যানার্জিও রয়েছেন। তবে কিছুদিন আগে তিনি প্রয়াত হন। ফলে এবার আর তাকে দেখা যাবে না। এ নিয়ে দর্শকের মনেও দুঃখবোধ রয়েছে।
বিজ্ঞাপন
হইচইয়ের অনুষ্ঠানে গিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রাবন্তী। টলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকার মিলনমেলা দেখে আপ্লুত হন তিনি। প্রত্যাশা করেন, এই কাজের ধারাবাহিকতা ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নেবে।








