৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

নতুন সিনেমার চরিত্রে অভিনয় করতে গিয়ে অনুপ্রাণিত হয়ে ৪০০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আগামী তিন মাস এসব পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করবেন তিনি। একই সঙ্গে আগামী এক বছর ধরে নিয়মিত এমন মানবিক উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
বিয়ের পর প্রথমবার বড় পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের নতুন সিনেমা ‘রণবলী’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে সিনেমাটি মুক্তির আগেই মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন রাশমিকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই উদ্যোগের কথা জানান অভিনেত্রী। সেখানে সহযোগী দলের সদস্যদের পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। তার প্রত্যাশা, এই সহায়তার ফলে পরিবারগুলো আগামী তিন মাসের বাজার খরচ সাশ্রয় করতে পারবে। সেই অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করাও তাদের পক্ষে সহজ হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কেন এমন উদ্যোগ নিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন রাশমিকা। ‘রণবলী’ সিনেমায় যোদ্ধা রণবলীর স্ত্রী জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের সঙ্গে চরিত্রটির কিছু মিল খুঁজে পেয়েছেন তিনি। মানুষের জন্য কিছু করার আগ্রহই তাদের মধ্যে সেই মিল তৈরি করেছে বলে জানান অভিনেত্রী।
এ প্রসঙ্গে রাশমিকা বলেন, “আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালোবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই।”
বিজ্ঞাপন
এত দিন নিজের উদ্যোগটি প্রকাশ্যে আনেননি রাশমিকা। বিষয়টি ব্যক্তিগত রাখতেই চেয়েছিলেন তিনি। তার সহযোগী দলের কয়েকজন সদস্যই কেবল এ সম্পর্কে জানতেন। তবে এবার তার মনে হয়েছে, এই কাজের কথা জানলে অন্যরাও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হতে পারেন।
অভিনেত্রীর ভাষায়, “আমি ভাবলাম, আমার এই কাজ দেখে যদি আপনাদের মধ্যে কেউ এমন কিছু করার অনুপ্রেরণা পান, তা হলে আমার খুব ভাল লাগবে।”
শুধু একবার ৪০০ পরিবারকে সহায়তা করেই থেমে থাকতে চান না রাশমিকা। আগামী এক বছর ধরে নিয়মিত একই ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করার লক্ষ্য রয়েছে তার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ বিষয়ে অভিনেত্রী বলেন, “আজ ৪০০টি পরিবারকে সাহায্যের দায়িত্ব নিয়েছি। আগামী এক বছর ধরে প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য সাহায্য করতে চাই। আশা করি, তারা বাজারের খরচ বাঁচিয়ে সেই টাকা ভবিষ্যতের জন্য জমাতে পারবেন।”
বিজ্ঞাপন
পরিবারগুলোর মুখে হাসি ফোটানোই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি উল্লেখ করে রাশমিকা আরও বলেন, “এই মানুষগুলোর মুখের হাসি আমার কাছে অমূল্য। গত কয়েক বছরে কাজ করতে গিয়ে যত রাত জেগেছি, চোট পেয়েছি, যত কষ্ট ও চোখের জল সামলেছি, এই হাসিগুলো তার সব কিছুর মূল্য মিটিয়ে দেয়।”
রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডার আসন্ন সিনেমা ‘রণবলী’র গল্পের পটভূমিতে রয়েছে ব্রিটিশ শাসনামলের দুর্ভিক্ষ। খরা ও ফসলহানির কারণে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ সংকট দেখা দিয়েছিল। অনাহারে প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ।
সিনেমাটিতে যোদ্ধা রণবলীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রাশমিকাকে। ছবির চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে বাস্তব জীবনে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অভিনেত্রীর মানবিক দিকটিকেও সামনে এনেছে।








