হাম উপসর্গে সিলেটে একদিনে ৫ শিশুর মৃত্যু

সিলেটে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বিভাগে একদিনে এত সংখ্যক শিশুর মৃত্যুর ঘটনা এবারই প্রথম। এর আগে একদিনে সর্বোচ্চ তিন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল।
বিজ্ঞাপন
শুক্রবার (২২ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজনের বাড়ি সুনামগঞ্জে। এছাড়া একজনের বাড়ি সিলেট এবং অপরজনের বাড়ি হবিগঞ্জে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজন সুনামগঞ্জ ও অন্যজন হবিগঞ্জের বাসিন্দা।
একই সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়। তাদের বাড়ি সুনামগঞ্জ ও সিলেটে।
এছাড়া সুনামগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৪৩ জনের মৃত্যু হয়েছে হাম-সদৃশ উপসর্গ নিয়ে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৮৩ শিশু।







