Logo

চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ১৫:১৪
চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

হাম আক্রান্ত রোগীদের ভর্তি থাকা হাসপাতালে ঈদের সময় চিকিৎসক ও নার্সরা থাকবেন কি না—এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “থাকবেন ইনশাল্লাহ। আমরা ইতোমধ্যে সার্কুলার দিয়েছি। হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবায় কোনো ডাক্তার-নার্সের ছুটি থাকবে না, সবাইকে দায়িত্বে থাকতে হবে।”

টিকা নিয়ে ১০০ শতাংশ সুরক্ষা নিশ্চিত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভ্যাকসিন নিলেই যে কোনো শিশুর হাম হবে না, এটা নিশ্চিতভাবে বলা যায় না। স্মলপক্স পুরোপুরি নির্মূল হয়েছে, কলেরা নির্মূল বলা হলেও এখনো দেখা যায়। শরীরের প্রতিরোধক্ষমতা কমে গেলে এবং অনিয়ন্ত্রিত খাবারের কারণে অনেক রোগই হতে পারে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ভাইরাস বেশি ছড়িয়ে পড়লে কিছু ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমি বিজ্ঞানী নই, তাই শতভাগ গ্যারান্টি দিতে পারি না।”

ঈদের সময় শিশুদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আক্রান্ত শিশুদের ভিড় বা আত্মীয়-স্বজনের বাড়িতে না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বেশি ভিড়যুক্ত জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

হাম অত্যন্ত সংক্রামক রোগ উল্লেখ করে তিনি বলেন, “এটি সংস্পর্শ ও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে দ্রুত ছড়ায়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও সতর্ক করে বলেন, ঈদের সময় যাতায়াত, ভিড় ও পারিবারিক মেলামেশার কারণে আক্রান্তদের সংস্পর্শে সুস্থ শিশুরা এলে সংক্রমণ বাড়ার ঝুঁকি থাকতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD