হাম ও হামের উপসর্গে একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে নতুন করে হাজারের বেশি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় এসব শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে সারাদেশে আরও ১ হাজার ৪৩৪ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী ছিল ১ হাজার ৩০৬ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে।
বিজ্ঞাপন
একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১২৮ জন। ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ৬২২ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার ৫৫৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৬ হাজার ২১৪ জন।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ১৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৪২ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৬ জনের।







