ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত।
বিজ্ঞাপন
সোমবার (১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং সংবেদনশীল। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
মন্ত্রী জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় তিনি নিজেও হাসপাতাল পরিদর্শন করেছেন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ঘটনাস্থল ঘুরে দেখেছেন। তদন্তকে আরও কার্যকর করতে নবজাতকদের মায়েদের বক্তব্যসহ সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রাথমিকভাবে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও আরও নির্ভুল ও বাস্তবভিত্তিক তথ্য অন্তর্ভুক্ত করার প্রয়োজন হওয়ায় কিছুটা সময় বাড়ানো হয়েছে। আগামী ৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
আইনি প্রক্রিয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
নবজাতকদের মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্ত না হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের পক্ষ থেকে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কোনো অভিভাবকই এতে সম্মতি দেননি। তাদের সম্মতি ছাড়া এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত।
মন্ত্রী আরও বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের ফলাফল প্রকাশের পরই ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।








