ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কা বিবেচনায় আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বিজ্ঞাপন
সোমবার (১ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু পরিস্থিতি ও সম্ভাব্য করণীয় নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে বিচ্ছিন্নভাবে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। এ সময়টিতে সাধারণত ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করে। তাই পরিস্থিতি জটিল হওয়ার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে চায় সরকার।
বিজ্ঞাপন
বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, রোগ নিয়ন্ত্রণ ও হাসপাতাল ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সোসাইটি অব মেডিসিনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, ডেঙ্গু রোগীর চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ে সারা দেশে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ কার্যক্রম আগামীকাল থেকেই শুরু হবে। পাশাপাশি প্রয়োজনীয় রিএজেন্ট ও স্যালাইনের মজুত নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং অতিরিক্ত সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
তিনি বলেন, সম্ভাব্য ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
বিজ্ঞাপন
ডেঙ্গুর উৎসস্থল নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বিষয়ে সিটি করপোরেশনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। মশার বিস্তার রোধে স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে।








