Logo

৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জুন, ২০২৬, ১২:৪৮
৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের
ছবি: সংগৃহীত

দেশের সব উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যার হাসপাতালে উন্নীত করা হবে। বর্তমানে বাকি ৮টি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল রয়েছে। এসব স্থানে প্রয়োজনীয় নতুন ভবন নির্মাণ করা হবে।

মন্ত্রী জানান, ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যার বেশি সক্ষমতায় উন্নীত করার কার্যক্রম নতুনভাবে শুরু হচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারের অংশ হিসেবে প্রতিটি হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্টের পদ সৃষ্টির পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের পাঁচটি বিভাগীয় শহরে ২০০ শয্যার শিশু বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে এসব হাসপাতালের উদ্বোধন করার লক্ষ্য রয়েছে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগে পাঁচটি বড় শহরে এক হাজার শয্যার পাঁচটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এসব হাসপাতাল বিশেষভাবে নারীদের চিকিৎসাসেবার জন্য পরিচালিত হবে বলে জানান মন্ত্রী।

স্বাস্থ্যখাতে সংস্কারের বিষয়ে তিনি বলেন, দুর্নীতি কমিয়ে পুরো স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে সাজানো হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সুলভ করার উদ্যোগ নেওয়া হবে, যাতে সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে যায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD